![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ উপত্যকা সহ দেশটিতে অব্যহতভাবে হামলা চালিয়ে আসছে দখলদার ইসরায়েল বাহিনী।
গাজ উপত্যকা থেকে ফিলিস্তিনিদের স্বেচ্ছায় অভিবাসনের পরিকল্পনা করছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তাবিষয়কমন্ত্রী ইতামার বেন গাভির ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ।
এদিকে তাদের এ পরিকল্পনার কড়া সমালোচনা করেছে নেদারল্যান্ড ও সৌদি আরব। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলের এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটি ইসরায়েলকে জবাবদিহিতার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টার ওপর জোর দিয়েছে। এ ছাড়াও জর্ডানের বাদশাহ আবদুল্লাহ এবং মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিও গাজা এবং অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিতাড়নের জন্য ইসরায়েলের যে কোনো পদক্ষেপ প্রত্যাখ্যান করেছেন।
ইসরায়েলের এ পরিকল্পনার সমালোচনা করে নেদারল্যান্ড তাদের সিদ্ধান্তকে কাণ্ডজ্ঞানহীন বলে সমালোচনা করেছে। দেশটি বলছে, ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার যে কোনো আহ্বান বা ভূখণ্ডকে সীমিত করার পরিকল্পনাকে প্রত্যাখ্যান করে নেদারল্যান্ড। কেননা এরমধ্যে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের কোনো ভবিষ্যৎ নেই। একটি নিরাপদ ইসরায়েলের পাশাপাশি একটি কার্যকর ফিলিস্তিন রাষ্ট্রের ওপর জোর দিয়েছে তারা।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন অভিযান চালায় হামাস। এরপরই গাজায় আগ্রাসন শুরু করে তেল আবিব। দেড় মাসের বেশি সময় ধরে চলা হামলায় প্রায় ১৫ হাজার মানুষের মৃত্যু হয়। যার মধ্যে ৬ হাজারই শিশু। বাস্তুচ্যুত হয় উপত্যকার বেশিরভাগ মানুষ।