![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে আগামী শনিবার (২ সেপ্টেম্বর) দেশে ফিরছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিষয়টি বৃহস্পতিবার দুপুরে নিশ্চিত করেন তিনি। সুস্থ আছেন বলেও জানান তিনি।
সিঙ্গাপুরে চিকিৎসার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, গত কয়েকদিন চিকিৎসকের কাছে দৌঁড়ঝাঁপের মধ্যেই সময় কেটেছে। বেশ কয়েকটি মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা ছিলো, সেগুলো করিয়েছি। রিপোর্টও আল্লাহর রহমতে ভালো। তবে আমি যে ওষুধগুলো খেতাম সেখানে কিছু পরিবর্তন এসেছে। এ সময় স্ত্রী রাহাত আরা বেগমও ভালো আছেন বলে জানান তিনি।
গত ২৪ আগস্ট চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে স্ত্রী রাহাত আরা বেগমও সিঙ্গাপুরে গেছেন। দুজনেই নানা শারীরিক সমস্যায় ভুগছেন।
মির্জা ফখরুল এর আগেও সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন। সবশেষ ২০২৩ সালের ১০ ফেব্রুয়ারি তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন। ২০১৫ সালে কারাবন্দি অবস্থায় তার ঘাড়ের ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে মুক্তির পর সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা করার। এরপর প্রতিবছরই ফলোআপ চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর যান।