![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ এবং বাসে আগুন দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে করা মামলায় ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলামসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের মধ্যে অন্যরা হলেন- ঢাকা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. সুরুজ্জামান (৪৭), ধামরাই পৌর ছাত্রদলের সদস্য অপূর্ব চন্দ্র দাস (২২), ঢাকা জেলা বিএনপির সদস্য মো. মুমিনুল ইসলাম (৪৫) ও সাভার থানা যুবদলের সদস্য মো. সুজন (৩৪)।
মঙ্গলবার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান এ তথ্য জানিয়ে বলেন, গ্রেপ্তারকৃতরা গত ২৯ জুলাই ঢাকা-আরিচা মহাসড়কে বিভিন্ন গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ এবং বাসে আগুন দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বিকাশ পরিবহনের একটি বাসের চালক মো. আনোয়ার হোসেন (৪২) বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন।
পরে আসামিদের গ্রেপ্তারে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস অ্যান্ড ট্রাফিক উত্তর) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মোবাশশিরা হাবীব খানকে নির্দেশ দেয়া হয়।
তাদের সরাসরি তত্ত্বাবধান ও নেতৃত্বে আশুলিয়া থানা ও ঢাকা জেলা (উত্তার) গোয়েন্দা শাখার সমন্বয়ে গঠিত একটি দল অভিযানে নামে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গুপ্তচর নিয়োগের মাধ্যমে মানিকগঞ্জ, গাজীপুর, ঢাকা জেলার সাভার, আশুলিয়া, ধামরাই থানা এবং ঢাকা মহানগরের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।