![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান নয়ন (৪২) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী নয়ন ছাড়াও মোটরসাইকেলে থাকা নাহিদ নামে আরও এক আরোহী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৭) সকালে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের মাঠেরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান জেলার সাদুলাপুর উপজেলার জার্নিপুর গ্রামের আতোয়ার হোসেনের ছেলে। পেশায় তিনি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মেহেদী হাসান নয়ন গাইবান্ধা শহরে ভাড়া বাসায় থাকতেন। সকাল ১১টার দিকে পরিবারের সঙ্গে ঈদ করতে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। পথে মাঠের হাট ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে পেট্রোল নিয়ে বাড়ির দিকে যাওয়ার সময় গাইবান্ধা থেকে ছেড়ে আসা একটি বাস পেছন থেকে তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে যান দুই আরোহী। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মেহেদী হাসান নয়ন মারা যান।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান, স্বজনদের অনুরোধে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত নাহিদ গাইবান্ধা জেনারেল হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।