![]()


স্টাফ রিপোর্টার ::
সিলেট থেকে সংযুক্ত আরব-আমিরাতের শারজাহ রুটে আজ ১ নভেম্বর সরাসরি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গতকাল সোমবার বিমান বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমানের ফ্লাইট বিজি২৫১ ঢাকা থেকে স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে উড্ডয়ন করে সিলেট পৌঁছাবে রাত সাড়ে ৯টায়। এরপর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত সাড়ে ১০টায় শারজাহর উদ্দেশে যাত্রা করবে।
ফ্লাইটটি শারজাহ পৌঁছাবে ২ নভেম্বর বুধবার স্থানীয় সময় রাত ২টায়। ফিরতি ফ্লাইট শারজাহ থেকে বুধবার রাত সাড়ে ৩টায় ছেড়ে এসে সিলেট পৌঁছাবে বুধবার সকাল ১০টায়, এরপর সিলেট থেকে বেলা ১১টায় ছেড়ে এসে ঢাকায় পৌঁছাবে বেলা ১১টা ৪০ মিনিটে। ঢাকা থেকে সিলেট হয়ে শারজাহ রুটে সপ্তাহে প্রতি মঙ্গলবার একটি করে ফ্লাইট পরিচালনা করা হবে।
ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ জানান, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সক্ষমতা বাড়ায় নতুন নতুন রুটে ফ্লাইট চালু হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ পয়লা নভেম্বর থেকে শারজাহ ফ্লাইটও চালু হচ্ছে।
বাংলাদেশ বিমানের জেলা ব্যবস্থাপক মনসুর আহমেদ ভুঁইয়া জানান, ইতোমধ্যে জেদ্দায় সরাসরি ফ্লাইট শুরু হয়েছে। আগামীতে মদিনায় সিলেট থেকে সরাসরি ফ্লাইট চালুর ভাবনা আছে কর্তৃপক্ষের।