![]()


সিলেট নগরীর তালতলাস্থ হোটেল শাহবান থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৭ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে ওই হোটেলের তৃতীয় তলার ৩০৯ নং কক্ষের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সিলেট কোতোয়ালি মডেল থানা পুলিশ।
জানা যায়, সুনামগঞ্জ সদর থানার নতুনপাড়া গ্রামের নিশিত ভট্টাচার্যের ছেলে জয় ভট্টাচার্য (২৮) নামের ওই যুবক গত ১৫ আগস্ট হোটেল শাহবানের এ কক্ষ ভাড়া নেন। তিনি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন।
সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মো. ইয়াসিন খান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার সকালে হোটেলের কর্মচারিরা তার দরজায় গিয়ে ডাকাডাকি করলেও তিনি দরজা খুলেননি। দুপুর দেড়টা পর্যন্ত দরজা না খোলাতে ওই কক্ষের জানালার ফাঁক দিয়ে জয়ের দেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে হোটেল ম্যানেজার পুলিশে খবর দেন। কোতোয়ালি থানা পুলিশ হোটেলে এসে বিকাল সাড়ে ৩টার দিকে কক্ষের দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে।
ইয়াসিন খান বলেন, লাশ উদ্ধারের পর জয়ের ভাইকে খবর দেওয়া হয় এবং খবর পেয়েই তিনি চলে এসেছেন। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।