![]()


ময়মনসিংহের ফুলপুরে বিড়াল বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এরশাদ আলী (৫৫) নামে এক হোটেল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদর ইউনিয়নের পাইকপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। মৃত এরশাদ আলী উপজেলার কাজিয়াকান্দা গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, এরশাদ আলী তার হোটেলের রান্নার চুলার সঙ্গে বিদ্যুতের খুঁটিতে টানা তারের সঙ্গে বিড়াল আটকে ডাকতে থাকে। বিষয়টি এরশাদ মিয়া দেখে বিড়ালটি বাঁচাতে যান। বিড়ালটি ধরার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য দেওয়া হয়েছে।