সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ময়মনসিংহে যুবকের শরীরে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে হত্যা

ডেইলি সিলেট ডেস্ক ::

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় এক যুবকের শরীরে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। শরীরে আগুন ধরিয়ে দেওয়ার পর পানিতে লাফিয়েও নিজেকে বাঁচাতে পারেননি। ঘটনার পরদিন বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম।

বুধবার রাত ১০টার দিকে মুক্তাগাছা পৌর শহরের মধ্যহিস্যা এলাকায় একদল লোক তার গায়ে পেট্রোল ছুড়ে আগুন ধরিয়ে দেয় বলে মৃত্যুর আগে স্বজনদের জানান ভুক্তভোগী।

নিহত ফরহাদ হোসেন (৩৫) ওই এলাকার আব্দুস সাত্তারের ছেলে। তিনি পেশায় একজন সবজি বিক্রেতা ছিলেন। তিনি বেকারদের কর্মসংস্থান দাবিসহ বিভিন্ন সামাজিক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

এ ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংসদ সদস্য প্রার্থী হওয়ারও ঘোষণা দিয়েছিলেন ফরহাদ।

পুলিশ ও স্বজনরা জানান, রাত ১০টার দিকে বাসা থেকে বের হন ফরহাদ। এ সময় পেছন থেকে একদল লোক ফরহাদের শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে তিনি পাশে একটি জলাশয়ে লাফিয়ে পড়েন।

ফরহাদের চিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে ফরহাদ মারা যান।

ফরহাদের বাবা আব্দুস সাত্তার বলেন, তার ছেলে মাদকের বিরুদ্ধে নানা কর্মসূচি পালনসহ বিভিন্ন সামাজিক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল। এসব নিয়ে কিছু লোকের সঙ্গে ফরহাদের বিরোধ ছিল। তারা এ ঘটনা ঘটাতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেছেন।

ওসি কামরুল ইসলাম বলেন, হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় ফরহাদের সঙ্গে কথা বলেছে পুলিশ। তার বক্তব্য রেকর্ড করা হয়েছে। ফরহাদ বলেছেন, সে বাসা থেকে বের হয়ে কিছুটা দূরে নির্জন স্থানে যেতেই পেছন থেকে একজন পেট্রোল ছিটিয়ে দেয়। অপর একজন আগুন ধরিয়ে দেয়। তবে ফরহাদ তাদের কাউকে চিনতে পারেনি বলেও জানিয়েছেন, বলেন ওসি।

তিনি বলেন, কেন বা কি কারণে আগুনে পুড়িয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তার তদন্ত চলছে। লাশ হাসপাতালের মর্গে আছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: