![]()

সিলেটের দক্ষিণ সুরমায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক পরিবহন শ্রমিক খুন হয়েছেন। নিহত শ্রমিকের নাম ইকবাল হোসেন রিপন (৪০)। তিনি দক্ষিণ সুরমা উপজেলার খোজারখলার আবুল হোসেনের পুত্র।
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টায় দক্ষিণ সুরমার বাবনার পয়েন্ট একদল দুর্বৃত্ত তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত ইকবাল হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শ্রমিক রিপন স্থানীয় ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ পরিবহণ শ্রমিকরা রাত সাড়ে ১২টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের চন্ডিপুল এলাকায় রাস্তা অবরোধ এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। ঘন্টাব্যাপী অবরোধে রাস্তার দু’পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।