![]()



সিলেট ও সুনামগঞ্জ জেলায় একদিনে আরও ১১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় ৩৯ জন এবং সুনামগঞ্জ জেলায় ৭৯ জন রয়েছেন। সোমবার (১৫ জুন) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ ল্যাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
সোমবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় ৩৯ জনের করোনা শনাক্ত হয়। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় শনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার ওসমানীর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৩৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। নতুন শনাক্তদের মধ্যে ৪ জন চিকিৎসক রয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪৬১ জনে দাঁড়াল।
এদিকে একইদিনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৭৯ জনের করোনা শনাক্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক শনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান, শাবির ল্যাবে আজ ৩৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
আক্রান্তরা সুনামগঞ্জ জেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৬৪৫ জনে দাঁড়াল। নতুন শনাক্ত হওয়াদের নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ২ হাজার ৫২৪ জনের।
এরমধ্যে সিলেটে ১ হাজার ৪৫২ জন, হবিগঞ্জে ২৩৯ জন ও মৌলভীবাজারের ১৯১ জন রয়েছেন। সোমবার সকাল পর্যন্ত বিভাগের ৪ জেলায় করোনা আক্রান্ত হয়ে ৫৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৪২ জন এবং বাকি তিন জেলায় ৪ জন করে ১২ জন মারা গেছেন।