![]()


রবিবার (৩১ মে) সিলেটে একদিনে রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছেন। এরমধ্যে ২জন সাংবাদিক, একজন ডাক্তার, স্বাস্থ্যকর্মী, সরকারি কর্মচারী রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪০ জনে।
রবিবার একদিনে বিভাগে করোনা ভাইরাসে শনাক্ত ৯৩ জনের মধ্যে সিলেট জেলায় ২ জন সাংবাদিকসহ ২২, মৌলভীবাজার জেলায় ডাক্তার, স্বাস্থ্যকর্মী, সরকারি কর্মচারীসহ ৩০, হবিগঞ্জ জেলায় ২০ ও সুনামগঞ্জ জেলায় ২১ জন রয়েছেন।
আজ রবিবার (৩১ মে) সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে সিলেট জেলার ২২ জনের করোনা শনাক্ত হয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পিসিআর ল্যাবে সুনামগঞ্জ জেলার ২১ জন ও ঢাকার ল্যাবে হবিগঞ্জের ২০ জন ও মৌলভীবাজারের ৩০ জনের করোনা শনাক্ত হয়।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায়, হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা মো মুখলেছুর রহমান উজ্জ্বল ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয় ও মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ পৃথকভাবে বিষয়টি নিশ্চিত করেছেন।
রবিবার (৩১ মে) রাত পর্যন্ত সিলেট বিভাগে ১ হাজার ৪০ করোনা আক্রান্ত রোগীর মধ্যে সিলেটে ৫৫৬ জন, সুনামগঞ্জে ১৬৫ জন, হবিগঞ্জে ১৯১ জন ও মৌলভীবাজারে ১২৮ জন রয়েছেন। এখন পর্যন্ত ১৮ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এর মধ্যে সিলেট জেলায় ১৪ জন, হবিগঞ্জে একজন ও মৌলভীবাজারে ৩ জন। সুনামগঞ্জে কোন প্রাণহানির ঘটনা নেই।