![]()


সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে নিয়ে মানহানিকর তথ্য প্রচার করায় আমিনুল হক রিপন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল বুধবার লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ভেলাবাড়ি এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আমিনুল হক রিপন ভেলাবাড়ি গ্রামের মনোয়ার হোসেনের ছেলে।
এদিন সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান র্যাব-১৩ রংপুর এর অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার (সিপি.এস.সি) হাফিজুর রহমান।
তিনি জানান, দীর্ঘদিন থেকে আমিনুল হক রিপন ছাত্রদল ইউনিয়ন শাখা নামে একটি ফেসবুক পেজ খুলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নামে ফেসবুকে অশ্লীল ও মানহানিকর তথ্য প্রচার করে আসছে। বিষয়টি জানার পর বুধবার ভোরে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ভেলাবাড়ি গ্রামে অভিযান চালায় র্যাব সদস্যরা। এ সময় ওই যুবককে তার বাড়ি থেকে আটক করা হয়।
পাশাপাশি তার মুঠোফোনসহ বিভিন্ন মোবাইলের সিম কার্ড উদ্ধার করা হয়। এ সময় তার ফেসবুক অ্যাকাউন্ট চেক করে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে মিথ্যা ও অশ্লীল মানহানিকর তথ্য প্রচারের প্রমাণ পায় তারা। পরে তাকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক তার অপরাধের কথা স্বীকার করেন বলে জানান হাফিজুর রহমান।
এ ব্যাপারে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আমিনুল হক রিপন নামে ওই যুবকের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে সন্ধ্যায় আদিতমারী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেছে। আজ বৃহস্পতিবার সকালে তাকে লালমনিরহাট জেলহাজতে পাঠানো হয়েছে।