![]()


সিলেটের এক প্রবাসির বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। এসময় ডাকাত দলের হামলায় দুজন আহত হয়েছেন। বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাত দল প্রায় আড়াই লাখ টাকার মালামাল নিয়ে যায়। মঙ্গলবার গভীর রাতে (২২ জানুয়ারী) ওই ঘটনাটি হয়।
জানা যায়, উপজেলার আনরপুর গ্রামের লন্ডন প্রবাসী ছালেক মিয়ার বাড়ির বাউন্ডারির গেইটের তালা ভেঙ্গে হাফপ্যান্ট পরা ২০/২৫ জনের একদল ডাকাত প্রবেশ করে। তারপর সবার অজ্ঞাতে বসতঘরের গেইটের তালা ও কাঠের একটি বড় দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। এসময় ডাকাত দলের হামলায় আহতরা হলেন হাফিজ ছাদিকুর রহমান ও সিদ্দেক আলী আহত হন। পরে ডাকাতরা ওয়ার্ডড্রপ খুলে ৪ ভরি স্বর্ণ ও নগদ ১৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরে বাড়ির লোকজনের চিৎকারে অন্যরা এগিয়ে এসে আহতদের চিকিৎসাকেন্দ্রে প্রেরণ করেন।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিম মুসা বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।