![]()

প্রথমবারের মতো নগরীর কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। শুক্রবার থেকে তিনদিনব্যাপী এই আয়োজনে থাকবে আনন্দশোভাযাত্রা, প্রাক্তনদের আড্ডা, স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন, স্মৃতিচারণ, ক্রীড়া প্রতিযোগিতা, রক্তদান কর্মসূচি, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফানুশ উড়ানোসহ আতশবাজির ঝলকানি। বুধবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এমনটি জানালেন পুনর্মিলনী পরিষদের আহবায়ক মারিয়ান চৌধুরী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, স্কুল প্রতিষ্ঠার দীর্ঘ ১৩২ বছরের মধ্যে এবারই প্রথম আয়োজন হতে যাচ্ছে প্রাক্তন ছাত্রী পুনর্মিলনীর। আয়োজনকে সামনে রেখে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ১৭ জানুয়ারি শুক্রবার দুপুর ২টায় আনন্দশোভাযাত্রার মধ্য দিয়ে প্রাক্তন ছাত্রী পুনর্মিলনী’র শুভ সূচনা হবে। থাকবে প্রাক্তনীদের আড্ডা।
১৮ জানুয়ারি সকাল ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমপি। বিশেষ অতিথি থাকবেন সিলেট সিটি করর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার। ‘শিরীষের ছায়ায়’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন, কীর্তিমান শিক্ষার্থী সম্মাননা, মধ্যাহ্নভোজ, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ভরপুর থাকবে দ্বিতীয় দিনের অনুষ্ঠানাদি।
৩য় ও শেষ দিনে আলোচনাসভার পাশাপাশি প্রাক্তন ছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা, রক্তদান কর্মসূচির সাথে থাকবে ফানুশ উড়ানো এবং আতশবাজির ঝলকানি। শেষ দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ, প্রফেসর শামীমা চৌধুরী, শাবিপ্রবির বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক, ড. জফির সেতু, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। সংবাদ সম্মেলনে তিনদিনব্যাপী পুনর্মিলনীর সফল করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উদযাপন পরিষদের সদস্য সচিব কার্নাজ রহিম জিহান, সমন্বয়কারী রানা ফেরদৌস, কোষাধ্যক্ষ শিরিন বেগম, যুগ্ম সদস্য সচিব সাহেদা খান ও ফাতেমা জামান রোজী, যুগ্ম কোষাধ্যক্ষ তানয়িওর জাহান চৌধুরী, অভ্যর্থনা সদস্য ইয়াসমিন চৌধুরী আকঞ্জি, প্রেইজী সিনহা এমি ও তাসনুভা হুমায়রা চৌধুরী। বিজ্ঞপ্তি