সর্বশেষ আপডেট : ২৮ মিনিট ৫১ সেকেন্ড আগে
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

চার দফা টিকাদানের পরও হামে মৃত্যু থামছে না, ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু

ডেইলি সিলেট ডেস্ক ::

চার দফা টিকাদান কর্মসূচি বাস্তবায়নের পরও দেশে হাম ও রোগটির উপসর্গ নিয়ে মৃত্যু থামছে না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শনিবার এ তথ্য জানিয়ে অধিদপ্তর বলেছে, শুক্রবার সকাল ৮টার পর থেকে ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের দুজন করে রয়েছেন।

চলতি বছরের শুরুতে দেশে হামের প্রাদুর্ভাব ঘটে। মার্চে সংক্রমণ ছড়িয়ে পড়ার পর সমালোচনা ও বিক্ষোভের মুখে এপ্রিলে জরুরি ভিত্তিতে কিছু এলাকায় টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করে সরকার। এরপর সিটি করপোরেশনসহ সারা দেশে আরও দুই দফা হামের টিকাদান কর্মসূচি চালানো হয়। পরে বাদ পড়া শিশুদের খুঁজে বের করে মাসব্যাপী টিকাদান কর্মসূচি শেষ করা হয় অক্টোবরে।

কিন্তু সরকারি হিসাবেই এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৮৫ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ২৮০ জন। আর হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১০৫ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৬৮ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেটে ২৩২, চট্টগ্রামে ১৩২, ময়মনসিংহে ৯৯, রাজশাহীতে ৯৩, বরিশালে ৭১, খুলনায় ৬৫ এবং রংপুর বিভাগে ২০ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ৯৬১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে ৫৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০৯ জন। তাঁদের মধ্যে ঢাকা বিভাগে ৩১৬, চট্টগ্রামে ১৬০, সিলেটে ১০৭, বরিশালে ১১৮, ময়মনসিংহে ৬৭, খুলনায় ৭৬, রাজশাহীতে ৩৬ এবং রংপুরে ২৯ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৩৯১ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ২৭ হাজার ৩১৪ জন।

বুলেটিনে বলা হয়, চলতি বছর হামের উপসর্গ দেখা গেছে ২ লাখ ৬৩ হাজার ৭৬৯ জনের মধ্যে। তাঁদের মধ্যে ২৬ হাজার ৬০৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত এবং মৃত্যুর হিসাব রাখছে। তবে হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা সব রোগীর হাম পরীক্ষা হয় না। ফলে হাম শনাক্ত হওয়া রোগীর প্রকৃত সংখ্যা জানা কঠিন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, শুধু হাসপাতালে আসা ও ভর্তি হওয়া রোগীদের তথ্যই নথিভুক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: