![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
দেশের বিভিন্ন বিভাগে দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা পাঁচটি শিশু হাসপাতাল আগামী এক মাসের মধ্যে চালু করতে যাচ্ছে সরকার। প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করে হাসপাতালগুলো চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মিল্টন হলে ‘ন্যাশনাল ভাস্কুলার ডে ২০২৬’ এবং ‘হেলথ জার্নালিজম ওয়ার্কশপ’ উপলক্ষে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, বিগত সময়ে নির্মিত হলেও দীর্ঘদিন ধরে অকার্যকর অবস্থায় পড়ে থাকা ট্রমা সেন্টার ও শিশু হাসপাতালগুলো চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যে দেশের বিভিন্ন বিভাগে পড়ে থাকা পাঁচটি শিশু হাসপাতাল প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতি দিয়ে চালু করা হবে।
স্বাস্থ্য খাতে জনবল সংকট কাটানোর বিষয়ে তিনি জানান, সরকার ১০ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে এবং এর পরপরই আরও পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ও অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগও নেওয়া হয়েছে।
হাসপাতালের বহির্বিভাগে রোগীদের ভোগান্তি কমাতে ডিজিটাল সেবা চালুর কথা তুলে ধরে ড. এম এ মুহিত বলেন, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে পরীক্ষামূলকভাবে অনলাইন টিকিট ও সময় নির্ধারণের স্লট পদ্ধতি চালু করা হয়েছে। আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে আগারগাঁওয়ের আরও পাঁচ থেকে ছয়টি বিশেষায়িত হাসপাতালে এ সেবা পুরোপুরি চালু হবে।
এর ফলে রোগীদের আর ভোররাত থেকে হাসপাতালে লাইনে দাঁড়াতে হবে না এবং একই সঙ্গে দালালদের দৌরাত্ম্যও কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।
স্বাস্থ্য খাতে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে চিকিৎসক, গণমাধ্যম ও প্রশাসনের মধ্যে পারস্পরিক আস্থা ও সমন্বয় জরুরি বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
এ ছাড়া চিকিৎসক ও রোগী উভয়ের সুরক্ষায় একটি ভারসাম্যপূর্ণ আইন প্রণয়নের কাজ চলছে বলে জানান তিনি। পাশাপাশি অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবিলায় চিকিৎসা শিক্ষার পাঠ্যক্রম হালনাগাদ করা হচ্ছে।
সবশেষে প্রতিমন্ত্রী জানান, আগামী ১৩ ডিসেম্বর থেকে দেশব্যাপী নতুন পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন শুরু হবে।