![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
জাতীয় নিরাপত্তার উদ্বেগ দেখিয়ে জাতিসংঘের ফিলিস্তিনবিষয়ক বিশেষ মানবাধিকার র্যাপোর্টিয়ার ফ্রান্সেসকা আলবানিজকে দেশে প্রবেশে বাধা দিয়েছে কোস্টা রিকা। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক সতর্কতা’ জারি থাকার প্রেক্ষাপটে তারা এই পদক্ষেপ নিয়েছে।
সিএনএন জানিয়েছে, কোস্টা রিকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি নিতে যাওয়া ইতালীয় এই আইনজীবীকে দেশটির রাজধানী সান হোসের হুয়ান সান্তামারিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে এক দিনেরও বেশি সময় আটকে রাখা হয়।
শনিবার ভোরে সাংবিধানিক আদালতের রায়ে তিনি বিমানবন্দর ছেড়ে একটি হোটেলে যাওয়ার অনুমতি পান। এর আগে শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আলবানিজ লেখেন, “মানবাধিকার রক্ষা করা সন্ত্রাসবাদ নয়।”
কোস্টা রিকার অভিবাসন কর্তৃপক্ষের মহাপরিচালক ওমের বাদিয়া কোনো প্রমাণ উপস্থাপন না করেই বলেন, আন্তর্জাতিক সতর্কবার্তার কারণে জাতীয় নিরাপত্তা রক্ষায় পুলিশ কঠোরভাবে আইন প্রয়োগ করেছে।
জবাবে সংবাদমাধ্যম লা নাসিওনকে আলবানিজ বলে, “প্রমাণ থাকলে উপস্থাপন করুন, নইলে বক্তব্যের জবাবদিহি করতে হবে।”
এদিকে এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক।
বিমানবন্দরে আটকা পড়ায় শুক্রবার অনলাইনেই কোস্টা রিকা বিশ্ববিদ্যালয়ের সম্মাননা অনুষ্ঠানে অংশ নেন আলবানিজ। ভাষণে তিনি এই বাধার পেছনে মার্কিন অর্থ দপ্তরের নিষেধাজ্ঞার যোগসূত্র রয়েছে কি না, তা তদন্তের আহ্বান জানান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও এই ঘটনার আইনি ভিত্তি জানতে চেয়েছে।
২০২২ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের কঠোর সমালোচনা করে আসছেন আলবানিজ। ইসরায়েলি অর্থনীতি থেকে লাভবান হওয়া মার্কিন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সঙ্গে কাজ করার অভিযোগে ২০২৫ সালের জুলাইয়ে তাঁর ওপর নিষেধাজ্ঞা দেয় ট্রাম্প প্রশাসন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাঁর বিরুদ্ধে ইহুদিবিদ্বেষ ও সন্ত্রাসবাদ সমর্থনের অভিযোগ তুললেও আলবানিজ তা অস্বীকার করেছেন।
জাতিসংঘে ইসরায়েলের দূত ড্যানি ড্যানন কোস্টা রিকার এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন। কোস্টা রিকার ডানপন্থী প্রেসিডেন্ট লরা ফার্নান্দেজের সরকার নিরাপত্তা ও অভিবাসন ইস্যুতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেছে।