সর্বশেষ আপডেট : ৩৮ মিনিট ৫৮ সেকেন্ড আগে
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পর্ষদ গঠনে প্রধানমন্ত্রীর অনুমোদন বাধ্যতামূলক

ডেইলি সিলেট ডেস্ক ::

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পাশাপাশি সরকারের শেয়ার থাকা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান গুলোতে চেয়ারম্যান বসাতে প্রধানমন্ত্রীর অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে।

এ ধরনের প্রতিষ্ঠানের পর্ষদ গঠনের নীতিমালায় এমন বাধ্যবাধকতা যুক্ত করেছে সরকার।

একই সঙ্গে কর্মরত সচিবদের এসব প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও পরিচালক হওয়ার সুযোগও বাতিল করা হয়েছে। সমগ্রেডভুক্ত কর্মকর্তাদের ক্ষেত্রেও এ নীতিমালা একই রাখা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সম্প্রতি ‘রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং সরকারের শেয়ার রয়েছে এমন বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চেয়ারম্যান, পরিচালক নিয়োগ বা মনোনয়ন নীতিমালা, ২০২৬’ জারি করেছে।

এতে বলা হয়েছে, বাছাই কমিটির সুপারিশ পেলে চেয়ারম্যান নিয়োগ, পুনর্নিয়োগ, মনোনয়ন বা পুনর্মনোনয়নে প্রধানমন্ত্রীর অনুমোদন লাগবে। পরিচালকের ক্ষেত্রে অর্থমন্ত্রীর অনুমোদন লাগবে।

এ ছাড়া রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক এবং সরকারের শেয়ার আছে এমন বেসরকারি ব্যাংকের ক্ষেত্রে ব্যাংক-কোম্পানি আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনুমোদনও নিতে হবে। বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের তারিখ থেকে নিয়োগ কার্যকর হবে।

পরিচালনা পর্ষদকে আরও দক্ষ, কার্যকর ও পেশাদার করতে এবং আর্থিক খাতে শৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এই নীতিমালা করা হয়েছে বলে প্রজ্ঞাপনে যৌক্তিকতা তুলে ধরা হয়।

নীতিমালা অনুযায়ী, চেয়ারম্যান বা পরিচালক হতে হলে প্রার্থীর বয়স ৪৫ থেকে ৭৫ বছরের মধ্যে হতে হবে। তবে অভিজ্ঞতা ও বিশেষ দক্ষতাসম্পন্ন ব্যক্তির ক্ষেত্রে বয়সসীমা শিথিল করা যাবে। প্রশাসনিক, ব্যবস্থাপনা বা পেশাগত কাজে অন্তত ১০ বছরের অভিজ্ঞতা লাগবে।

বর্তমানে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকের পাশাপাশি বেসরকারি আইএফআইসি ব্যাংকে সরকারের শেয়ার রয়েছে।

নতুন এ নীতিমালার ফলে আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নিয়োগে প্রধানমন্ত্রীর অনুমোদন নিতে হবে।

চব্বিশের আন্দোলনে সরকার পরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান রহমানের নেতৃত্বাধীন আইএফআইসি ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়া হয়। দায়িত্ব দেওয়া হয় স্বতন্ত্র পরিচালকদের।

যারা নিয়োগ পাবেন না

নীতিমালায় কয়েক ধরনের ব্যক্তিকে চেয়ারম্যান ও পরিচালক পদে নিয়োগের অযোগ্য ঘোষণা করা হয়েছে। তারা হলেন—

বাংলাদেশের নাগরিক নন, অন্য দেশের নাগরিকত্ব নিয়েছেন বা অন্য রাষ্ট্রের প্রতি আনুগত্য পোষণ করেন—এমন ব্যক্তি।

ফৌজদারি অপরাধ, জালিয়াতি, দুর্নীতি বা আর্থিক অপরাধের সঙ্গে জড়িত ছিলেন বা আছেন।

আদালতে দণ্ডিত হয়েছেন বা আদালতের বিরূপ পর্যবেক্ষণ রয়েছে—এমন ব্যক্তি।

আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থার বিধিমালা লঙ্ঘনের কারণে দণ্ডিত ব্যক্তি।

নিজের বা স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঋণের কারণে ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) খেলাপি তালিকায় রয়েছেন।

ইচ্ছাকৃত খেলাপি হিসেবে তালিকাভুক্ত হওয়ার পর সেই তালিকা থেকে বের হওয়ার পাঁচ বছর পার হয়নি।

নিবন্ধন বা লাইসেন্স বাতিল হয়েছে কিংবা অবসায়ন হয়েছে—এমন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ব্যক্তি।

নিজের বা স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হালনাগাদ কর পরিশোধের প্রমাণ দিতে ব্যর্থ ব্যক্তি।

অপ্রকৃতিস্থ বা দেউলিয়া ঘোষিত ব্যক্তি।

পর্ষদের গঠন

প্রজ্ঞাপনে বলা হয়, পর্ষদে একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) বা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ), একজন আইনজ্ঞ এবং একজন অবসরপ্রাপ্ত অভিজ্ঞ ব্যাংকারের প্রতিনিধিত্ব থাকবে। যোগ্য নারী প্রার্থীকে পর্ষদের এক-তৃতীয়াংশ পদে নিয়োগের বিষয়টি বিবেচনা করা হবে।

ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হবে।

একই ব্যক্তি আইন বা সরকারি নির্দেশনায় ভিন্ন কিছু না থাকলে একসঙ্গে একাধিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হতে পারবেন না।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক, নিরীক্ষক, আইন উপদেষ্টা, পরামর্শক বা বেতনভুক্ত কর্মচারী হিসেবে গত পাঁচ বছরে নিয়োজিত ছিলেন, এমন কেউও চেয়ারম্যান বা পরিচালক হতে পারবেন না।

যেসব কোম্পানির পরিচালক একত্রে ওই প্রতিষ্ঠানের মোট ভোটের ২০ শতাংশের বেশি ভোটের অধিকারী, তাদের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা প্রযোজ্য।

বাছাই কমিটি

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের নেতৃত্বে ছয় সদস্যের বাছাই কমিটি প্রার্থীদের যাচাই-বাছাই করবে। কমিটিতে বিভাগের কয়েকজন কর্মকর্তা ও অর্থ বিভাগের একজন প্রতিনিধি থাকবেন।

কমিটি ‘ফিট অ্যান্ড প্রপার’ টেস্ট অনুযায়ী প্রার্থীর যোগ্যতা এবং আর্থিক ও নৈতিকতার বিষয়ে যথাযথ যাচাই (ডিউ ডিলিজেন্স) করবে। গোয়েন্দা প্রতিবেদন ও সিআইবি প্রতিবেদনও পর্যালোচনা করবে। পুনর্নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর আগের কাজের মূল্যায়নও দেখা হবে বলে প্রজ্ঞাপনে তুলে ধরা হয়।

চেয়ারম্যান বা পরিচালকের মেয়াদ হবে সর্বোচ্চ তিন বছর। কেউ টানা দুই মেয়াদের বেশি থাকতে পারবেন না। মেয়াদ শেষের পর তিন বছর পার হলে তিনি আবার নির্বাচিত হওয়ার যোগ্য হবেন।

নীতিমালা জারির আগে যারা নিয়োগ পেয়েছেন, তারা অবশিষ্ট মেয়াদের জন্য এই নীতিমালার আওতায় নিযুক্ত বলে গণ্য হবেন। এ বিষয়ে আগে জারি করা সব নীতিমালা বাতিল করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: