সর্বশেষ আপডেট : ৫৭ মিনিট ৩২ সেকেন্ড আগে
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

আলিয়ঁস ফ্রঁসেজে জেইন ইফেলের একক চিত্রকর্ম প্রদর্শনী শুরু

ডেইলি সিলেট ডেস্ক ::

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে শুরু হলো শিল্পী জেইন ইফেলের একক চিত্রকর্ম প্রদর্শনী ‘ইঙ্কোগ্রাফি: অ্যা ক্রোম্যাটিক সাইলেন্স’। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমালোচক মঈনুদ্দিন খালেদ এবং বিশিষ্ট শিল্পী রশিদ আমিন।

শিল্পীর সাম্প্রতিক কাজ নিয়ে সাজানো এই প্রদর্শনীতে কলমের কালি ব্যবহার করে কীভাবে তিনি নিজের কল্পনা ও সৃজনশীল ভাবনা প্রকাশ করেছেন, তা তুলে ধরা হয়েছে। মূলত সাদা-কালো রঙে তৈরি এসব শিল্পকর্মে রেখা, আলো-ছায়ার বৈপরীত্য, ছন্দ ও বিভিন্ন আকৃতির পুনরাবৃত্তির মাধ্যমে ফুটে উঠেছে নানা সূক্ষ্ম ও জটিল নকশা। এসব নকশার মধ্যে ধীরে ধীরে দৃশ্যমান হয়ে ওঠে মানুষের মুখ, অবয়ব ও বিমূর্ত চিত্র। বাস্তবতা ও কল্পনার মিশ্রণে পরিচিত ও অপরিচিত নানা বিষয়কে শিল্পী তুলে ধরেছেন নিজস্ব ভঙ্গিতে।
জেইন ইফেল তাঁর শিল্পচর্চায় কোনো নির্দিষ্ট বিষয় বা ভাবনার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেন না। কল্পনা, স্বতঃস্ফূর্ততা এবং চারপাশের জগতের নানা অভিজ্ঞতা তাঁর কাজের মূল অনুপ্রেরণা। সমাজ, মানুষের জীবন, সাহিত্য ও স্মৃতির নানা বিষয় তাঁর শিল্পকর্মে উঠে এসেছে। তাঁর কাজে কিউবিজম, স্টেনসিল ও অভিব্যক্তিবাদী শিল্পধারার প্রভাবও লক্ষ করা যায়।

জয়নুল আবেদিন, এস এম সুলতান, পাবলো পিকাসো, আলবের্তো জিয়াকোমেত্তি ও ওসওয়ালদো গুয়ারায়াসিনের মতো প্রখ্যাত শিল্পীদের কাজ থেকে অনুপ্রেরণা পেলেও, নিজস্ব রেখা ও চিত্রবিন্যাসের মাধ্যমে জেইন ইফেল গড়ে তুলেছেন স্বতন্ত্র শিল্পভাষা।

‘ইঙ্কোগ্রাফি: অ্যা ক্রোম্যাটিক সাইলেন্স’ প্রদর্শনীর মাধ্যমে শিল্পী দর্শকদের তাঁর শিল্পকর্মের সূক্ষ্ম রেখা, আলো-ছায়ার বৈপরীত্য ও দৃশ্যগত ছন্দের সঙ্গে পরিচিত হওয়ার আমন্ত্রণ জানাচ্ছেন। প্রতিটি শিল্পকর্মের কোনো নির্দিষ্ট অর্থ বা ব্যাখ্যা দর্শকের ওপর চাপিয়ে দেওয়া হয়নি। বরং দর্শক নিজের দৃষ্টিভঙ্গি, অনুভূতি ও অভিজ্ঞতা থেকে প্রতিটি শিল্পকর্মকে দেখার ও বোঝার সুযোগ পাবেন।

প্রদর্শনীটি আগামী ১৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে চলবে। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: