সর্বশেষ আপডেট : ৩৫ মিনিট ৫৫ সেকেন্ড আগে
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মাথাপিছু আয় বেড়ে ৩০২০ ডলার: সংসদে অর্থমন্ত্রী

ডেইলি সিলেট ডেস্ক ::

দেশের মাথাপিছু জাতীয় আয় বেড়ে ৩ হাজার ২০ মার্কিন ডলারে দাঁড়িয়েছে বলে সংসদে দাবি করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মাদারীপুর-৩ আসনে বিএনপির সংসদ সদস্য আনিছুর রহমানের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক হিসাব অনুযায়ী ২০২৫-২৬ অর্থবছরে মাথাপিছু জাতীয় আয় ছিল ৩ হাজার ২০ ডলার। আগের অর্থবছরে তা ছিল ২ হাজার ৭৬৯ ডলার। একই সময়ে জিডিপি প্রবৃদ্ধি ৩ দশমিক ৪৯ শতাংশ থেকে বেড়ে ৪ দশমিক ১৪ শতাংশ হয়েছে।
এর আগে সোমবার স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে জাতীয় সংসদে প্রশ্নত্তোর পর্ব শুরু হয়।

কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলামের আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, গত অক্টোবরে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৭ শতাংশ। সেপ্টেম্বরে ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ৪০ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৮৯ শতাংশ। চলতি অর্থবছরে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫০ শতাংশে নামানোর লক্ষ্য রয়েছে সরকারের।

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণকে সরকারের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ বর্ণনা করে অর্থমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি, সার, পরিবহন ও বিমা ব্যয় বেড়েছে। আমদানি পণ্যের দাম, বিনিময় হারের ওঠানামা এবং সরবরাহের অনিশ্চয়তাও দেশের বাজারে চাপ তৈরি করছে।

কুমিল্লা-৪ আসনে এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর এক প্রশ্নের জবাবে বৈদেশিক সহায়তার অর্থছাড় নিয়েও কথা বলেন আমির খসরু। তিনি বলেন, গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে বৈদেশিক সহায়তার অর্থছাড় ৬০ শতাংশ কমেছে। প্রায় দুই বছর ধরে দেশের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা ও আন্তর্জাতিক সংকটের কারণে প্রকল্প বাস্তবায়নে ধীরগতি তৈরি হয়েছে। অর্থছাড় বাড়াতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনা এবং প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।

সংরক্ষিত আসনে বিএনপির সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী দাবি করেন, বৈদেশিক ঋণ সহনীয় পর্যায়ে রাখতে নতুন প্রকল্প ও ঋণের শর্ত যাচাই করা হচ্ছে। বিশেষ করে বেশি সুদ ও স্বল্পমেয়াদি ঋণ নেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

গত মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সরকার ২৯৫ কোটি ৫ লাখ ২০ হাজার ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে বলেও তুলে ধরেন আমির খসরু।

বিএনপির সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, গত ৩০ জুন পর্যন্ত সরকারের মোট আনুমানিক ঋণ ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা। এর মধ্যে বৈদেশিক ঋণ ১০ লাখ ৩২৫ কোটি এবং অভ্যন্তরীণ ঋণ ১৩ লাখ ৩৭ হাজার ২৫০ কোটি টাকা। চলতি অর্থবছরে ঋণের মূলধন ও সুদ পরিশোধে ৮ লাখ ৮ হাজার ৭৭৮ কোটি টাকা বরাদ্দ রয়েছে।

সিলেট-৫ আসনে খেলাফত মজলিশের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৯২ হাজার ৫২৫ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৩৪ হাজার ৩৯৬ কোটি টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রার ৬৮ দশমিক ৬৮ শতাংশ আদায় হয়েছে।

একই সংসদ সদস্যের আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১ হাজার ১৮৫ কোটি ৬০ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। একই সময়ে আমদানিতে ব্যয় হয়েছে ১ হাজার ৯৩৩ কোটি ১০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রপ্তানি আয় প্রায় ৭ শতাংশ এবং আমদানি ব্যয় ১৫ দশমিক ১ শতাংশ বেড়েছে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নজমুন নাহারের সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ব্যাংকের মত বিমা খাতেও বড় ধরনের বিশৃঙ্খলা রয়েছে। যেসব কোম্পানি গ্রাহকদের পাওনা পরিশোধ করছে না, তাদের সময় বেঁধে দেওয়া হয়েছে। অনেক কোম্পানি গ্রাহকদের অর্থ দিয়ে জমি কিনেছে। সেসব জমি বিক্রি করে পাওনা পরিশোধে তাদের বাধ্য করা হচ্ছে।

একই বিষয়ে পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম বিমার টাকা ফেরত না পাওয়া গ্রাহকদের দুর্ভোগ তুলে ধরেন।

জবাবে অর্থমন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের মধ্যে পাওনা পরিশোধে ব্যর্থ কোম্পানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সংসদে আইন আনা হবে।

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লার পক্ষে এস এম জিলানীর উত্থাপিত প্রশ্নের জবাব দেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ব্যাংক আমানতকারীদের মুনাফা দেয় বলে প্রচলিত ব্যবস্থায় সুদবিহীন ঋণের সুযোগ নেই। তবে কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা ও যুবকদের কর্মসংস্থানে স্বল্প সুদে ঋণের ১৫টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

এস এম জিলানীর সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, গোপালগঞ্জে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার তাৎক্ষণিক কোনো পরিকল্পনা নেই। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগের সম্ভাবনা পরীক্ষা করা যেতে পারে।

মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসিরউদ্দিন আহমেদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, সব ধরনের ফ্রিল্যান্সিং ও কনটেন্ট তৈরির আয় করমুক্ত রাখা হয়েছে। ক্ষুদ্র উদ্যোক্তাদের ৫০ লাখ এবং নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের ৭০ লাখ টাকা পর্যন্ত বার্ষিক লেনদেন থেকে অর্জিত আয়ে কর অব্যাহতি রয়েছে। স্টার্টআপ ও প্রযুক্তিনির্ভর ব্যবসায় ৯ বছরের জন্য টার্নওভারের ওপর কর অব্যাহতি দেওয়া হয়েছে।

এ ছাড়া কর রিটার্ন দাখিল সহজ করা, কর সংক্রান্ত আপিলের খরচ কমানো এবং বিভিন্ন ব্যবসায়িক খাতে উৎসে কর ও অগ্রিম কর কমানোর উদ্যোগের কথাও বলেন অর্থমন্ত্রী।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: