![]()


স্টাফ রিপোর্টার :
মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হওয়ার পর বিশ্বের আরও কয়েকটি দেশে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণে ইতিবাচক অগ্রগতি হচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সিলেট সার্কিট হাউসে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে। পাশাপাশি জাপান, দক্ষিণ কোরিয়া, ওমান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ আরও কয়েকটি দেশে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণে ইতিবাচক অগ্রগতি হয়েছে। এছাড়া নতুন আরও কয়েকটি দেশের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে। ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের শ্রমবাজার আরও সম্প্রসারিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, সরকার প্রবাসী কর্মী ও শ্রমিকদের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। নতুন শ্রমবাজার সৃষ্টি এবং বিদ্যমান বাজারগুলো আরও শক্তিশালী করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
সৌজন্য সাক্ষাতের বিষয়ে আরিফুল হক চৌধুরী জানান, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে সিলেটের সার্বিক উন্নয়ন, দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অবদানসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের বিভিন্ন ধরনের খনিজ ও পাথরসম্পদের সম্ভাবনার বিষয়টি বৈঠকে তুলে ধরা হয়েছে। যুক্তরাষ্ট্রের বড় বড় শিল্প প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হলে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দেবে। এ বিষয়ে মার্কিন পক্ষও ইতিবাচক আগ্রহ প্রকাশ করেছে।
তবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের স্টুডেন্ট ভিসা–সংক্রান্ত বিষয়ে রাষ্ট্রদূতের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানান মন্ত্রী।
বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সিলেট নগরের ঐতিহাসিক আলী আমজদের ঘড়ির সামনে আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেন।