![]()


স্টাফ রিপোর্টার ::
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।
রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে মো. সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
তবে প্রত্যাহারের সুনির্দিষ্ট কোনো কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
এদিকে, সম্প্রতি শাহজালাল (রহ.) মাজারকেন্দ্রিক একটি ঘটনাকে ঘিরে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার মুখে পড়েন। এর আগে আলোচিত সাদাপাথর লুটপাট-সংক্রান্ত ঘটনার পরবর্তী সময়ে তিনি সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব পালনকালে বিভিন্ন বিষয় নিয়ে তিনি একাধিকবার আলোচনায় আসেন।
নতুন আদেশে সিলেটের পরবর্তী জেলা প্রশাসক হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে এখনো কোনো তথ্য জানানো হয়নি।