সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
বুধবার, ৩ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্য নির্বাচিত হলেন জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর

স্টাফ রিপোর্টার ::

দেশের সম্পাদকদের নতুন সংগঠন ‘ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)’-এর সদস্য নির্বাচিত হয়েছেন সিলেট থেকে প্রকাশিত দৈনিক জালালাবাদের সম্পাদক মুকতাবিস উন নূর।

মঙ্গলবার (২ জুন) রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক আমার দেশ পত্রিকার কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় দেশের শীর্ষস্থানীয় সম্পাদকদের সমন্বয়ে এ সংগঠন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দৈনিক যায়যায়দিনের সম্পাদক শফিক রেহমানকে আহ্বায়ক এবং আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমানকে যুগ্ম আহ্বায়ক করে ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন দৈনিক জালালাবাদের সম্পাদক মুকতাবিস উন নূর।

সিলেটের সাংবাদিকতা অঙ্গনের অন্যতম পরিচিত মুখ মুকতাবিস উন নূর দীর্ঘ কয়েক দশক ধরে সাংবাদিকতা ও সম্পাদকীয় নেতৃত্বের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি সিলেটের জনপ্রিয় দৈনিক জালালাবাদের সম্পাদক হিসেবে দীর্ঘদিন থেকে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি এক সময়ের আলোচিত সাপ্তাহিক ‘সিলেট কণ্ঠ’-এরও সম্পাদক ছিলেন। সম্প্রতি তিনি সিলেট প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের সভাপতি নির্বাচিত হয়েছেন। এর আগে অবিভক্ত সিলেট প্রেসক্লাবের সভাপতি হিসেবে ছয়বার দায়িত্ব পালন করেন এবং সর্বশেষ নির্বাচনের মাধ্যমে সপ্তমবারের মতো এ পদে নির্বাচিত হয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেন। সাংবাদিক সমাজে নেতৃত্ব, সংবাদপত্র শিল্পে অবদান এবং আঞ্চলিক সাংবাদিকতার বিকাশে তাঁর দীর্ঘদিনের ভূমিকার স্বীকৃতি হিসেবে জাতীয় পর্যায়ের সম্পাদকদের নতুন সংগঠন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্য হিসেবে অন্তর্ভুক্তিকে তাৎপর্যপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন নয়াদিগন্তের সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ, যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার, প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খান সোহেল, সংগ্রামের সম্পাদক আযম মীর শাহীদুল আহসান, নিউ নেশনের সম্পাদক মোকাররম হোসেন, ওয়াদার সম্পাদক শফিকুল আলম, মানবকণ্ঠের সম্পাদক শহীদুল ইসলাম, লোকসমাজের সম্পাদক শান্তনু ইসলাম সুমিত এবং ডেইলি পিপলস ভিউয়ের সম্পাদক ওসমান গনি মনসুর।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকতার মানোন্নয়ন এবং সম্পাদকদের পেশাগত স্বার্থ সুরক্ষার লক্ষ্যে ন্যাশনাল এডিটরস কাউন্সিল গঠন করা হয়েছে। একই সঙ্গে দেশের সংবাদমাধ্যমে দীর্ঘদিনের অবক্ষয় কাটিয়ে একটি দায়িত্বশীল ও পেশাদার সম্পাদকীয় পরিবেশ গড়ে তোলার প্রয়োজনীয়তার বিষয়েও সম্পাদকরা ঐকমত্য পোষণ করেন।

সভায় সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন, সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ এবং জাতীয় ও আঞ্চলিক দৈনিক পত্রিকার সম্পাদকদের নিয়ে দ্রুত একটি জাতীয় কনভেনশন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, বর্তমানে দেশে সম্পাদকদের বিভিন্ন সংগঠন থাকলেও নতুন এই সংগঠনটি জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের সংবাদপত্র সম্পাদকদের সমন্বয়ে কার্যক্রম পরিচালনা করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। জালালাবাদের সম্পাদক মুকতাবিস উন নূরের এ কমিটিতে অন্তর্ভুক্তি সিলেটের গণমাধ্যম অঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: