সর্বশেষ আপডেট : ০ ঘন্টা আগে
শনিবার, ৩০ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

যুক্তরাজ্যের গৃহহীনবিষয়ক মিনিস্টারের পদ থেকে সরে দাঁড়ালেন রুশনারা আলী

স্টাফ রিপোর্টার ::

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী যুক্তরাজ্যের গৃহহীনবিষয়ক মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে নিজের ফেসবুক পেজে পদত্যাগপত্রের ছবি প্রকাশ করেন তিনি। পরে প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিট এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে বিবিসি।

পূর্ব লন্ডনের বো এলাকায় নিজ মালিকানাধীন টাউনহাউস থেকে ভাড়াটেদের উচ্ছেদ করে একলাফে ৭০০ পাউন্ড ভাড়া বাড়ানোর ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েন রুশনারা। বিবিসির তথ্য অনুযায়ী, তার বাড়িতে ৩ হাজার ৩০০ পাউন্ড মাসিক ভাড়ায় চারজন ভাড়াটে থাকতেন। মেয়াদ শেষ হলে গত নভেম্বর মাসে চার মাসের নোটিশ দিয়ে তাদের বাড়ি ছাড়তে বলা হয়। পরে বাড়িটি মাসিক ৪ হাজার পাউন্ডে পুনরায় ভাড়ার তালিকায় তোলা হয়।

এ নিয়ে ব্যাপক বিতর্কের পর প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে পাঠানো পদত্যাগপত্রে রুশনারা লিখেন, “সরকারের উচ্চাকাঙ্ক্ষী কাজের পথে আমার অবস্থান যেন বিভ্রান্তির কারণ না হয়, সে জন্য দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি।” তিনি আরও বলেন, “ভারাক্রান্ত হৃদয়ে পদত্যাগ করছি। দায়িত্ব পালনে আন্তরিক থেকেছি, তবে এখন স্পষ্ট যে, মন্ত্রিত্বে থাকলে সরকারের কাজে মনোযোগ বিঘ্নিত হবে।”

২০১০ সাল থেকে টানা পাঁচবার এমপি নির্বাচিত হওয়া রুশনারা আলী লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এলাকার বেথনাল গ্রিন ও স্টেপনি আসন প্রতিনিধিত্ব করছেন। লেবার পার্টি সরকার গঠন করলে তিনি গৃহায়ণ, কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি হিসেবে ‘হোমলেসনেস মিনিস্টার’-এর দায়িত্ব পান।

রুশনারার জন্ম সিলেটে। সাত বছর বয়সে তার পরিবার যুক্তরাজ্যে পাড়ি জমায়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেন্ট জনস কলেজ থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। এমপি হিসেবে ভাড়াটে শোষণের বিরুদ্ধে সোচ্চার থাকলেও নিজের বাড়ি নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ায় সমালোচনা তীব্র হয়।

রেন্টার্স রিফর্ম কোয়ালিশন ও অ্যাকর্নসহ ভাড়াটে অধিকার সংগঠনগুলো তার পদত্যাগ দাবি করে। কনজারভেটিভ পার্টির শ্যাডো হাউজিং সেক্রেটারি জেমস ক্লেভারলি ঘটনাটিকে ‘চরম ভণ্ডামি’ হিসেবে আখ্যা দেন। গ্রিন পার্টি ভাড়াটেদের সুরক্ষায় ভাড়া নিয়ন্ত্রণ ও অন্যায় উচ্ছেদ নিষিদ্ধ করার দাবি জানায়।

উল্লেখ্য, রুশনারা চলতি বছরের জানুয়ারিতে ‘রেন্টার্স রাইটস বিল’-এর পক্ষে ভোট দিয়েছিলেন, যেখানে বলা হয়, কোনো বাড়িওয়ালা ভাড়াটেকে উচ্ছেদ করে ছয় মাসের মধ্যে বেশি দামে ভাড়া দিতে পারবেন না। কিন্তু নিজের ক্ষেত্রে ভিন্ন পদক্ষেপ নেওয়ায় তিনি সমালোচনার মুখে পড়েন এবং শেষ পর্যন্ত পদত্যাগ করেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: