![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) আয়োজিত ‘ট্র্যাব স্টার অ্যাওয়ার্ড-২০২৫’ গত ২৮শে জুলাই জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে প্রদান করা হয়। এতে শ্রেষ্ঠ মঞ্চ ও টেলিভিশন অভিনেতা হিসেবে পুরস্কার পান নাট্যাভিনেতা, প্রশিক্ষক ও সংগঠক এরশাদ হাসান।
তিনি ধারাবাহিক প্রস্তুতির মধ্য দিয়ে মঞ্চনাটক, পথনাটক, নির্বাক মঞ্চাভিনয়, বেতার বাচিক অভিনয়, টেলিভিশনের চরিত্রাভিনয়সহ নানা ক্ষেত্রে কাজ করে শিল্পজগতে বিশেষ স্থান অর্জন করেছেন। এছাড়াও ফটোগ্রাফি ও বৃহৎ শিল্পকর্ম সমন্বয়ের কাজ করেছেন।
এরশাদ হাসানের নাট্যজীবন শুরু হয় জাতীয় অধ্যাপক কবির চৌধুরীর পরিচালিত থিয়েটার স্কুলের বছরব্যাপী সার্টিফিকেট কোর্সে। তিনি দীর্ঘদিন ধরে বিশ্ব বরেণ্য নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদারের পরিচালিত থিয়েটার নাট্যদলের সদস্য ও নাট্যকর্মী হিসেবে কাজ করে বিভিন্ন নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
তার নাট্যাভিনয়ে উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘শেষখেলা’, ‘মাধবী’, ‘ক্ষেতমজুর খৈমুদ্দিন’, ‘মেরাজ ফকিরের মা’, ‘রুদ্র রবি ও জালিয়ান ওয়ালাবাগ’, ‘বারামখানা’, ‘মুক্তধারা’ ও ‘একশ বস্তা চাল’ নাটকগুলো। বর্তমানে তিনি একটি একক চরিত্রের নাটকে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন।এরশাদ হাসান।
বেতার ও টিভিতে উত্তীর্ণ তালিকাভূক্ত শিল্পী হিসেবে তিনি একাধিক টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় করছেন। ‘ললিতা’, ‘রং তামাশ’, ‘বাবার বাড়ী’, ‘টাট্টু ঘোড়া’ ধারাবাহিক নাটকে তার উল্লেখযোগ্য অভিনয় রয়েছে। বর্তমানে তিনি একাধিক নাটকের নির্মাণ কাজেও যুক্ত রয়েছেন।
পুরস্কার পাওয়ার পর এরশাদ হাসান বলেন, ‘একজন অভিনেতার জন্য পুরস্কার পাওয়া তার সামগ্রিক কর্মের স্বীকৃতি। থিয়েটার কর্মী হিসেবে এই স্বীকৃতি আনন্দের ও আগামীতে আরও বেশি মঞ্চাভিনয় করার তাড়না, প্রেরণা ও দায়িত্ববোধ বৃদ্ধি পায়।’