![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
ছেলে জুনাইদ খানের সিনেমা ‘এক দিন’ দেখে আবেগ ধরে রাখতে পারেননি বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, জুনাইদ এবং দক্ষিণের অভিনেত্রী সাই পল্লবী অভিনীত ‘এক দিন’ সিনেমার বিশেষ স্ক্রিনিংয়ে গিয়েছিলেন আমির। ওই অনুষ্ঠানের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে জুনাইদ ও পল্লবীর পাশে বসতে দেখা গেছে আমির। এ সময় কয়েকবার চোখ মোছেন আমির। অনুষ্ঠানে সিনেমার একটি গানও গেয়ে শোনান এ অভিনেতা।
‘এক দিন’ সাই পল্লবীর প্রথম হিন্দি সিনেমা। পল্লবীর অভিনয়ের প্রশংসা এসেছে আমিরের কাছ থেকে। বলিউডে সেরা অভিনেত্রীদের মধ্যে পল্লবীকে ‘অন্যতম একজন’ বলে বর্ণনা করেছেন তিনি।
বড়পর্দায় প্রথমবার জুটি বাঁধতে চলেছেন জুনাইদ ও পল্লবী। আমিরের প্রযোজনা সংস্থা থেকে ১ মে মুক্তি পাচ্ছে ‘এক দিন’। অরিজিৎ সিং প্লেব্যাক থেকে অবসর ঘোষণার পরে এই সিনেমার গান রেকর্ড করাতে তার জিয়াগঞ্জের বাড়িতে যান আমির। সেই সিনেমা মুক্তি পাওয়ার এক মাস আগেই চালু করা হয় অগ্রিম টিকেট বুকিং।
সাধারণত কোনো সিনেম মুক্তি পাওয়ার দিন দুই আগে থেকে শুরু হয় টিকেটের ‘আগাম বুকিং’। বড় তারকার সিনেমা বা বড় বাজেটের সিনেমার ক্ষেত্রে সেই দিনসংখ্যা আরও খানিকটা বাড়ানো হয়।
তবে ‘এক দিন’ সিনেমার ক্ষেত্রে থেকে টিকেট কাটার জন্র এত সময় নেওয়া হল কেন প্রশ্নের জবাবে আমির বলেন, “বিষয়টা হচ্ছে, ‘এক দিন’ একটা খুব ছোট সিনেমা। কারণ, এতে বড় কোনও তারকা নেই। যারা অভিনয় করছেন, তাঁরা নতুন। জুনাইদ সবেমাত্র নিজের ক্যারিয়ার শুরু করছে। আর সাই হিন্দিতে এই প্রথম সিনেমা করছে।
“তাই আমার মনে হয়েছিল যে, মানুষের দৃষ্টি আকর্ষণ করতে একটু বেশি সময় নেবে সিনেমাটি। ফলে যত দ্রুত কাজ শুরু করা যায়, তত ভালো।”
সিনেমার চিত্রানাট্যের উপরে ‘তার ভরসা আছে’ বলেও মন্তব্য করেছেন আমির।
‘এক দিন’ পরিচালনা করেছেন সুনীল পাণ্ডে। এটি ২০১৬ সালে মুক্তি পাওয়া থাই সিনেমা ‘ওয়ান ডে’ অবলম্বনে বানানো হয়েছে।
চিত্রনাট্য এক যুবককে নিয়ে, যিনি তার সহকর্মীর প্রেমে পড়েন কিন্তু নিজের অনুভূতি প্রকাশ করার সাহস পায় না। ওই যুবকটি কেবল একদিনের জন্য তার প্রেমিকার সঙ্গে সময় কাটাতে চান এবং আশ্চর্যজনকভাবে তার সেই ইচ্ছা পূরণ হয়ে যায়।