![]()


স্টাফ রিপোর্টার ::
সিলেট মহানগরীর ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মো. সুরুজ আলীকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। বুধবার (২২ জুলাই) দুপুরে নগরীর রিকাবীবাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, শেখ মো. সুরুজ আলীর বিরুদ্ধে ছাত্র-জনতার অভ্যুত্থানে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা এবং অন্যান্য অপরাধে মোট ছয়টি মামলা রয়েছে। এসব মামলার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনের মামলাসহ ছয়টি মামলার আসামি শেখ মো. সুরুজ আলীকে রিকাবীবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল (বৃহস্পতিবার) তাকে আদালতে প্রেরণ করা হবে।”
দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে পুলিশি অভিযানে ধরা পড়ায় নগরজুড়ে বিষয়টি আলোচনার জন্ম দিয়েছে। তবে তার গ্রেফতারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।