![]()


হবিগঞ্জ সংবাদদাতা ::
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অসিত রঞ্জন দাশ মন্টুকে (৪০) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। রোববার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে শায়েস্তাগঞ্জ শহরের পোস্ট অফিস এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি হাসপাতাল সড়কের বাসিন্দা ও মৃত উপেন্দ্র চন্দ্র দাসের ছেলে।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলিপ কান্ত নাথ বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় মন্টু পলাতক আসামি ছিলেন। সেনাবাহিনীর সদস্যরা তাকে আটক করে থানায় হস্তান্তর করেন। মন্টু মামলার ৪৮ নম্বর আসামি বলে জানান ওসি।
এদিকে একই মামলায় আরও দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৫নং আন্দিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান এবং বাঘাসুরা ইউনিয়ন পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা নুরুদ্দিন ওরফে নুরধন।
পুলিশ জানায়, সেনাবাহিনী মাধবপুরের ফতেহগাজী মাজার এলাকা থেকে নুরুদ্দিনকে এবং শায়েস্তাগঞ্জ হাসপাতাল সড়ক এলাকা থেকে মন্টুকে গ্রেপ্তার করে। অপরদিকে, পুলিশ সোমবার দুপুরে মাধবপুর উপজেলা পরিষদ এলাকা থেকে চেয়ারম্যান আতিকুর রহমানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।