![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বেলানগর আমতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তার নাম মো. সবুজ মিয়া। তিনি ডেমরা থানায় এসআই হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানিয়েছে, আজ শনিবার থানার ডিউটি শেষে সকালে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বেলানগর আমতলা এলাকায় জুট মিলের সামনে রাস্তায় একটি পিকআপ মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সবুজ গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনরা জানান, গ্রামের বাড়িতে যাওয়ার সময় দুর্ঘটনায় নিহত হয়েছেন সবুজ। তিনি নরসিংদীর বেলাবো খামারের চড় গ্রামের সিরাজ মিয়ার ছেলে। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন ছোট।
তার স্ত্রীর নাম সুইটি আক্তার। তাদের শাজনিন জাহান নামে ছয় মাসের কন্যাসন্তান রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, সবুজের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।