সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ঢাকায় চলছে ‘ব্লক রেইড’, চিরুনি অভিযান: ডিএমপি

ডেইলি সিলেট ডেস্ক ::

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে রাজধানীতে ‘ব্লক রেইড’ ও চিরুনি অভিযান চলার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টার অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০৭ জন এবং বিভিন্ন অপরাধে জড়িত ৫০৭ জনসহ মোট ৬১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এসময়ে উত্তরায় পৃথক অভিযানে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মিন্টো রোডে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী।

নগরের নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ঢাকায় আমাদের পুলিশের কর্মকাণ্ড দৃশ্যমান। চেকপোস্ট, পিকেট ডিউটি ও ওভারঅল পুলিশের উপস্থিতি অনেকটাই বাড়ানো হয়েছে। সন্ত্রাসী বা নাশকতাকারীদের বিরুদ্ধে আমরা ব্লক রেইড ও চিরুনি অভিযান পরিচালনা করছি।

ঢাকার বাইরে নাশকতা করে যারা রাজধানীতে এসে আশ্রয় নিয়েছে, তাদের ওপরও পুলিশের নজরদারি রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা নিয়াজ। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হচ্ছে বলে দাবি করেন এই পুলিশ কর্মকর্তা।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানীর সার্বিক নিরাপত্তার প্রশ্নে নিয়াজ মেহেদী বলেন, আমি নিজেও রাতে ডিউটি করেছি। নগর যথেষ্ট নিরাপদ আছে। বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে এবং চেকপোস্ট, পিকেট, ফুট পেট্রোল ও মোবাইল পেট্রোলের সংখ্যা অনেক বৃদ্ধি করা হয়েছে। আমাদের লক্ষ্য একটাই, নগরবাসী যেন নির্বিঘ্নে তাদের সাধারণ জীবনযাপন এবং অফিস-আদালতের দায়িত্ব পালন করতে পারেন।

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তারের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, গত রাতে উত্তরার ৩ নম্বর সেক্টরের একটি বাসা থেকে উত্তরা পশ্চিম থানার একটি দল সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করে। সিডিএমএস (ক্রাইম ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম) পর্যালোচনায় দেখা গেছে, তার বিরুদ্ধে বর্তমানে ১৪টি মামলা রয়েছে। এসব মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে উত্তরা ১৮ নম্বর সেক্টরের একটি আবাসিক ভবন থেকে ডিবি উত্তরা বিভাগের একটি দল অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করে।

জ্যোতিকা জ্যোতির বিরুদ্ধেও মামলা রয়েছে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে তার সংশ্লিষ্টতার বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: