সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ট্রেনে আগুন, রেললাইনের পাত খুলে বড় দুর্ঘটনার চেষ্টা

ডেইলি সিলেট ডেস্ক ::

দেশের বিভিন্ন স্থানে রেলপথ ও চলন্ত ট্রেনে নাশকতার ঘটনা ঘটছে। ময়মনসিংহের বিষকায় চলন্ত ট্রেনের বগিতে আগুন, নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ট্রেনের বগিতে অগ্নিসংযোগ, গফরগাঁওয়ে রেললাইনের পাত খুলে ফেলা এবং জামালপুরের মেলান্দহে রেললাইনের ওপর টায়ার জ্বালিয়ে নাশকতার চেষ্টা করা হয়েছে।

তবে রেলওয়ে পুলিশ, সংশ্লিষ্ট কর্মকর্তা – কর্মচারী ও স্থানীয় লোকজনের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

এসব ঘটনার মধ্যে বুধবার দিবাগত রাতে নেত্রকোনা থেকে ময়মনসিংহগামী একটি ট্রেনের বগিতে আগুন দেওয়া এবং গফরগাঁওয়ে রেললাইনের প্রায় ২২ ফুট অংশের পাত খুলে ফেলার ঘটনা ঘটে।

পরে রেলওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের তৎপরতায় দ্রুত রেললাইনটি মেরামত করা হয়। একই রাতে জামালপুরের মেলান্দহে রেললাইনের ওপর টায়ার জ্বালিয়ে আগুন দেওয়া হয়।

এ ছাড়া বুধবার ভোরে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় একটি ট্রেনের বগিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে সাম্প্রতিক এসব ঘটনার তথ্য নিশ্চিত করেন ঢাকা রেলওয়ে বিভাগের পুলিশ কর্মকর্তারা।

ঢাকা রেলওয়ে পুলিশ সূত্র জানায়, একটি ট্রেনের প্রতিটি বগিতে গড়ে ৯০ জন যাত্রী থাকলে ২০টি বগিতে যাত্রীর সংখ্যা দাঁড়ায় প্রায় এক হাজার ৮০০। অথচ পুরো ট্রেনের নিরাপত্তায় দায়িত্ব পালন করেন মাত্র তিন থেকে চারজন পুলিশ সদস্য। সাম্প্রতিক সময়ে নাশকতার আশঙ্কার মধ্যে সীমিত জনবল নিয়েই যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে হচ্ছে তাদের।

এ পরিস্থিতিতে ঢাকার রেলপথ ও স্টেশনগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) আওতাধীন এলাকা পদ্মা সেতুর উত্তর প্রান্ত, যমুনা সেতুর পূর্ব পাড় এবং ময়মনসিংহ ও গফরগাঁও পর্যন্ত বিস্তৃত। থানার তত্ত্বাবধানে ছয়টি পুলিশ ফাঁড়ির মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। নিয়মিত দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। স্টেশন, রেললাইন ও চলন্ত ট্রেনে নজরদারি বাড়ানো হয়েছে।

সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশির জন্য বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। বিরতিহীনভাবে নিরাপত্তা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন রেলওয়ে পুলিশের সদস্যরা। রেলওয়ে পুলিশের একাধিক কর্মকর্তা জানান, যাত্রীদের নিরাপত্তাসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা রেলওয়ে থানার তত্ত্বাবধানে স্টেশনগুলোতে নিরাপত্তার দায়িত্বে প্রতিদিন একসঙ্গে ৬৫ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। অন্যদিকে, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রেলওয়ে স্টেশনে প্রতিদিন ৭০ থেকে ৮০টির বেশি ট্রেন যাত্রাবিরতি করে। ফলে সীমিত জনবল দিয়ে বিপুলসংখ্যক যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে হচ্ছে পুলিশ সদস্যদের।

এদিকে, কয়েক দিন আগে কমলাপুর রেলওয়ে স্টেশনে ককটেল বিস্ফোরণ ও ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় পৃথক চারটি মামলা হয়েছে। এসব মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীসহ এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ।

বুধবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে নেত্রকোনা থেকে যাত্রী নিয়ে ময়মনসিংহের উদ্দেশে যাচ্ছিল ঝারিয়া লোকাল ট্রেনটি। বিষকা এলাকায় পৌঁছালে ট্রেনটির পেছন দিক থেকে দ্বিতীয় বগিতে আগুন দেখতে পান স্থানীয় লোকজন। এ সময় চিৎকার – চেঁচামেচি শুরু হলে রেলওয়ে পুলিশ, ট্রেনের কর্মী ও স্থানীয় লোকজন মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে দ্বিতীয় বগির একটি আসন আংশিক পুড়ে যায়। তবে অন্য বগিগুলোতে যাত্রী থাকলেও আগুন লাগা বগিতে কোনো যাত্রী ছিলেন না বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, বিষকা রেলস্টেশনটি খুবই অন্ধকার। সেখানে লোকাল ট্রেনগুলো থামে। ধারণা করা হচ্ছে, ট্রেনটি থামানো অবস্থায় কোনো দুর্বৃত্ত আগুন লাগিয়ে পালিয়ে গেছে। ট্রেনের দ্বিতীয় বগির একটি আসন আংশিক পুড়ে গেছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

ঢাকার বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান বলেন, ট্রেনের নিরাপত্তায় ২৪ ঘণ্টাই কাজ করছেন রেলওয়ে পুলিশের সদস্যরা। বিমানবন্দর স্টেশনে প্রতিটি ট্রেন থামার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। ট্রেনের দুই পাশসহ আশপাশের এলাকায় পুলিশ সদস্যরা সজাগ থাকছেন। দূর থেকে কেউ কোনো বস্তু নিক্ষেপ করছে কি না, সেটিও নজরদারিতে রাখা হচ্ছে। কোনো ব্যক্তিকে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হচ্ছে। পাশাপাশি স্টেশনের আশপাশে সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে।

রেলওয়ে ঢাকা বিভাগের পুলিশ সুপার (এসপি) নিকুলিন চাকমা বলেন, রেলওয়ে পুলিশের যে জনবল রয়েছে, তা নিয়েই সর্বোচ্চ সতর্কতার সঙ্গে পুলিশ কর্মকর্তা ও সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। দিন-রাত ২৪ ঘণ্টা পুলিশ সদস্যরা মাঠে রয়েছেন।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে রেলপথে কয়েকটি বিচ্ছিন্ন নাশকতার ঘটনা ঘটেছে। নেত্রকোনা থেকে ময়মনসিংহগামী একটি ট্রেনের বগিতে আগুন দেওয়ার ঘটনায় আসন পুড়ে গেছে। এ ছাড়া গফরগাঁও এলাকায় রেললাইনের প্রায় ২২ ফুট অংশের পাত খুলে ফেলা হয়েছিল। তবে রেলওয়ের কর্মকর্তারা দ্রুত সেটি মেরামত করেন। ওই সময় ওই পথে ট্রেন চলাচলের কোনো সূচি ছিল না। অন্যথায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।

পুলিশ সুপার আরও বলেন, জামালপুরের মেলান্দহ এলাকায় রেললাইনের ওপর টায়ার জ্বালিয়ে নাশকতার চেষ্টা করা হয়েছিল। সেখানেও দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। এ ছাড়া বুধবার ভোরে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় একটি ট্রেনের বগিতে আগুন দেওয়া হলে আসনের সামান্য অংশ পুড়ে যায়।

রেলওয়ে পুলিশ, রেলওয়ের কর্মকর্তা – কর্মচারী এবং ট্রেনসংশ্লিষ্ট ব্যক্তিদের সর্বোচ্চ সতর্কতার কারণে এসব ঘটনা তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। তবে পরিস্থিতি বিবেচনায় রেলপথ ও ট্রেনের নিরাপত্তায় সর্বাত্মক সতর্কতা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: