সর্বশেষ আপডেট : ৩১ মিনিট ২৩ সেকেন্ড আগে
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

রোমাঞ্চকর ফাইনালে পাকিস্তানকে কাঁদিয়ে ভারতের দশম শিরোপা

ডেইলি সিলেট ডেস্ক ::

গ্যালারির অর্ধেক ফাঁকা। অথচ মাঠে উত্তেজনার পারদ তুঙ্গে। একদিকে পাকিস্তানের প্রথম শিরোপার স্বপ্ন, অন্যদিকে ভারতের দশম মুকুটের হাতছানি।

গোল, লাল কার্ড, ভিএআরের নাটকীয় সিদ্ধান্ত আর শেষ মুহূর্তের প্রত্যাবর্তন—ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে কী ছিল না! শেষ পর্যন্ত দশজনের পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়ল ভারত। রেকর্ড দশম শিরোপার পাশাপাশি সাফের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়ার নজিরও গড়ল নওশাদ মুসার দল।

মঙ্গলবারের ফাইনালে শুরু থেকেই দাপট ছিল পাকিস্তানের। দুই প্রান্ত দিয়ে একের পর এক আক্রমণে ভারতীয় রক্ষণকে নাস্তানাবুদ করে ছাড়ছিলেন আলমগীর গাজিরা। ১৮ মিনিটে ম্যাককেল আবদুল্লাহর প্রচেষ্টা দুর্দান্ত দক্ষতায় রুখে দেন গোলরক্ষক আর্শ শেখ।

আরেকটি আক্রমণ গোললাইন থেকে ফেরান ভারতীয় ডিফেন্ডার। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে আর রক্ষা হয়নি। জুনায়েদ শাহর নিচু পাস ভারতীয় ডিফেন্ডারের গায়ে লেগে পৌঁছায় আলমগীর গাজির কাছে। বাংলাদেশ ফুটবল লিগে খেলা এই পাকিস্তানি ফুটবলারের নিখুঁত শটে এগিয়ে যায় পাকিস্তান।

বিরতির পর ভারতের আক্রমণে গতি বাড়ান বদলি ফুটবলার ম্যাকার্টন নিকসন। ৫১ মিনিটে বিষ্ণুর শট পোস্টে লেগে ফেরে। কিন্তু ম্যাচের আসল নাটক তখনও বাকি!

সাফের ইতিহাসে প্রথমবার ব্যবহৃত ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তিই বদলে দিল ফাইনালের ভাগ্য। ৫৪ মিনিটে ভারতের ব্রাইসন ফার্নান্দেজকে পেছন থেকে ফাউল করেন পাকিস্তানের জুনায়েদ শাহ। মাঠের রেফারি তাৎক্ষণিক লাল কার্ড দেখাননি। ভিএআর পর্যালোচনার পর সিদ্ধান্ত বদলায়। সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় জুনায়েদকে। দশজনে নেমে আসে দুর্দান্ত খেলতে থাকা পাকিস্তান।

খেলা পুনরায় শুরুর পরই বিপর্যয়! ফাউল থেকে পাওয়া ফ্রি-কিকের পরের আক্রমণে ডান দিক থেকে লুংডিমের ক্রস। নিকসন বল নিয়ন্ত্রণে ব্যর্থ হলেও সুযোগ হাতছাড়া করেননি সুহাইল ভাট। ৬০ মিনিটে তাঁর শটে সমতায় ফেরে ভারত।

এরপর পাকিস্তানের রক্ষণে একের পর এক আঘাত। গোলরক্ষক ইউসুফ বাট কয়েকবার দলকে বাঁচালেও ৮৮ মিনিটে আর পারলেন না। আবদুল রাবিহের কর্নারে দুর্দান্ত হেডে জয়সূচক গোল সন্দীপ মান্ডির। জার্সি খুলে উল্লাসে মাতলেন তিনি। স্তব্ধ পাকিস্তান শিবির।

বাংলাদেশকে সেমিফাইনালে হারিয়ে প্রথমবার ফাইনালে ওঠা পাকিস্তানের স্বপ্ন ভাঙল শেষ মুহূর্তে। অন্যদিকে ইতিহাস লিখল ভারত।

তবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসরের ফাইনালে দর্শকখরা ছিল চোখে পড়ার মতো। শুরু থেকে এক হাজার টাকা রাখা গ্যালারির টিকিট বাংলাদেশ বাদ পড়ার পর কমিয়ে ২০০ টাকা করা হয়েছিল। তাতেও ভরেনি গ্যালারি। মাঠে রোমাঞ্চের অভাব ছিল না, অভাব ছিল শুধু দর্শকের।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: