![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
আরব আমিরাতের উম্ম আল কুওয়াইন উপকূলে ট্যাংকার থেকে সমুদ্রে তেল ছড়িয়ে পড়ার কারণে দেশটির সব সমুদ্র সৈকত ও উপকূলীয় এলাকা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) আরব আমিরাতের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া ওই বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, দেশের রিমোট মনিটরিং বা পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমেই মূলত এই তেল ছড়িয়ে পড়ার ঘটনাটি শনাক্ত করা হয়। এর ফলে শারজাহ, আজমান ও উম্ম আল কুওয়াইনের বিভিন্ন এলাকার বাসিন্দারা বাতাসে তীব্র ও অস্বাভাবিক দুর্গন্ধ অনুভব করেন। তবে তেল থেকে ছড়িয়ে পড়া এই দুর্গন্ধের কারণে বাসিন্দাদের স্বাস্থ্যের ওপর বড় কোনো ঝুঁকির আশঙ্কা নেই বলে জানিয়েছে মন্ত্রণালয়।
ঘটনাটি জানার পরপরই জরুরি ভিত্তিতে বিশেষায়িত টিম মাঠে নেমেছে বলে জানিয়েছে পরিবেশ মন্ত্রণালয়। স্থানীয় ও কেন্দ্রীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তারা তেল অপসারণ ও উপকূল পরিষ্কারের কাজ শুরু করেছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘিরে বা ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা এবং সামুদ্রিক পরিবেশ সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় সব প্রযুক্তিগত মূল্যায়ন ও পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এই সাময়িক নিষেধাজ্ঞা বহাল থাকবে।