সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নভেম্বরেই জাতীয় গ্রিডে আসছে রূপপুরের বিদ্যুৎ, জুনে চালু হবে দ্বিতীয় ইউনিট

ডেইলি সিলেট ডেস্ক ::

আগামী নভেম্বরের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর লক্ষ্যে দ্রুতগতিতে কাজ এগিয়ে চলছে। একই সঙ্গে আগামী বছরের জুনের মধ্যে প্রকল্পটির দ্বিতীয় ইউনিটের ফুয়েল লোডিং বা রিঅ্যাক্টর চালুর প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

গতকাল বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে প্রকল্পটির অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে এসব তথ্য জানানো হয়।

কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে জানানো হয়, রূপপুর প্রকল্পের প্রাথমিক ফিজিক্যাল ও ক্রিটিক্যালিটি টেস্ট এরই মধ্যে সফলভাবে শুরু হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের সঙ্গে ফলপ্রসূ আলোচনার ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।

আন্তর্জাতিক মানদণ্ড ও বিশেষজ্ঞদের কঠোর তত্ত্বাবধানে নির্মাণাধীন তৃতীয় প্রজন্মের এই আধুনিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির অগ্রগতি সঠিক পথেই রয়েছে বলে আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞরা মূল্যায়ন করেছেন।

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অন্যান্য কার্যক্রমও বৈঠকে তুলে ধরা হয়। এর মধ্যে দেশের স্বাস্থ্য খাতে নিউক্লিয়ার মেডিসিনের সুবিধা জেলা পর্যায়ে সম্প্রসারণ এবং দেশের প্রথম গবেষণা জাহাজ নির্মাণের কাজ চলমান রয়েছে বলে জানানো হয়।

ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে বিজ্ঞান ও উদ্ভাবনচর্চা বাড়াতে স্কুল-কলেজ পর্যায়ে জাঁকজমকপূর্ণ বিজ্ঞান মেলা আয়োজনের সুপারিশ করে সংসদীয় কমিটি। এছাড়া দেশীয় উদ্ভাবনকে বাণিজ্যিকভাবে কাজে লাগিয়ে বিদেশে রপ্তানি বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রা অর্জনে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপরও বিশেষ গুরুত্বারোপ করা হয়।

বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মহান মুক্তিযুদ্ধের শহীদ এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেনসহ কমিটির সদস্য এ জেড এম রেজওয়ানুল হক, মো. আনোয়ারুল ইসলাম, মোহাম্মদ ফাহিম চৌধুরী, কে এম বাবর, সানসিলা জেবরিন, সালাহ উদ্দিন, মারদিয়া মমতাজ ও মো. আব্দুল গফুর উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: