সর্বশেষ আপডেট : ৪৩ মিনিট ২০ সেকেন্ড আগে
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বিমানবন্দরে ডিআইজি পরিচয় দিয়ে ভিআইপি লাউঞ্জ ব্যবহার, অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

ডেইলি সিলেট ডেস্ক ::

নির্ধারিত সময়ের আগে কর্মস্থল ত্যাগ, বিমানবন্দরে নিজেকে ‘ডিআইজি’ পরিচয় দিয়ে ভিআইপি লাউঞ্জ ব্যবহারসহ অসদাচরণের অভিযোগে প্রমাণিত হওয়ায় পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক টুটুল চক্রবর্তীকে বরখাস্ত করেছে সরকার। বিভাগীয় তদন্তে তার বিরুদ্ধে এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, গত বছরের ১৩ নভেম্বর টুটুল অনুমোদিত ছুটি শুরু হওয়ার একদিন আগেই কর্মস্থল ত্যাগ করেন এবং ছুটিতে যাওয়ার নির্ধারিত প্রতিবেদন জমা দেননি।
এরপর তিনি নিজেকে ডিআইজি পরিচয় দিয়ে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে ডিআইজি লাউঞ্জ ব্যবহার করেন এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের সকাল ১০টা ২০ মিনিটের ফ্লাইটে ঢাকায় যান।

তিনি ১৪ ও ১৫ নভেম্বরের জন্য কর্মস্থল ত্যাগের অনুমতি পেয়েছিলেন। আর ১৬-১৮ নভেম্বর তার নৈমিত্তিক ছুটি ছিল।

প্রজ্ঞাপনে বলা হয়, টুটুল চক্রবর্তী এর আগেও একাধিকবার নিজেকে রাজশাহী রেঞ্জের ডিআইজি পরিচয় দিয়ে রাজশাহী বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহার করেছিলেন।

এসব ঘটনা গোয়েন্দা সংস্থার নজরে আসে এবং এতে পুলিশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয় বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

টুটুল সাময়িক বরখাস্ত অবস্থায় রাজশাহী রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ছিলেন। প্রজ্ঞাপনে তাকে চলতি বছরের ২৩ জানুয়ারি থেকে পলাতক হিসেবে উল্লেখ করা হয়েছে।

এসব অভিযোগের ওপর ভিত্তি করে মন্ত্রণালয় টুটুলের বিরুদ্ধে বিভাগীয় মামলা করে এবং চলতি বছরের ৫ ফেব্রুয়ারি তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, তিনি নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের জবাব দেননি এবং সময় বাড়ানোর আবেদনও করেননি। গত ২ এপ্রিল তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয় এবং ৭ মে জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হয় বলে জানানো হয়।

এর পরিপ্রেক্ষিতে গত ১৬ জুন তাকে দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তাকে কেন চাকরি থেকে বরখাস্ত করা হবে না তা জানতে চাওয়া হয় নোটিশে। তবে তিনি এটিরও কোনো জবাব দেননি।

তদন্ত প্রতিবেদন এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র পর্যালোচনা করে সরকার তাকে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) মতামত চায়।

কমিশন গত ১৪ সেপ্টেম্বর তার শাস্তির জন্য সুপারিশ করলে তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। গত ৫ অক্টোবর টুটুল চক্রবর্তীকে বরখাস্তের সিদ্ধান্ত অনুমোদন দেন রাষ্ট্রপতি।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি দায়িত্বে অবহেলা, আদেশ অমান্য এবং বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী সরকার তাকে শাস্তি দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: