![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
সৌদি আরবের রাজধানী রিয়াদে বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী কোম্পানি আরামকোর একটি স্থাপনার কাছে রহস্যজনক আগুন ও ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা গেছে। শনিবার এক প্রত্যক্ষদর্শীর বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানালেও সৌদি কর্তৃপক্ষ বা আরামকোর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই অগ্নিকাণ্ডের দায়ও স্বীকার করেনি। তবে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের চলমান সংঘাত তীব্র হওয়ার এবং জ্বালানি অবকাঠামোতে হুতিদের হামলা বৃদ্ধির প্রেক্ষাপটেই রিয়াদে এই আগুনের খবর সামনে এল।
এর মধ্যেই সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রয়েছে। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম আল-আরাবিয়া জানিয়েছে, শুক্রবার রাতে ও শনিবার ভোররাতে ইরান-সমর্থিত হুতিদের হামলায় দেশটিতে বেসামরিক সম্পদ ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।
সৌদি সিভিল ডিফেন্সের তথ্যমতে, আসির প্রদেশে আকাশে ধ্বংস করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে এক এশীয় নাগরিক আহত হয়েছেন। এছাড়া এতে একটি মসজিদ ও বেশ কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে শুক্রবার নাজরান শহরের একটি স্কুল ভবনেও ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যার ফলে শিক্ষা প্রতিষ্ঠানটির ভবন ও আশপাশের কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
উল্লেখ্য, গত সপ্তাহেও হুতিরা সৌদি আরবের ইয়ানবুতে আরামকোর স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছিল। সে সময় তায়েফ ও ইয়ানবু এলাকার দিকে ধেয়ে আসা ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করার কথা জানিয়েছিল সৌদি আরব এবং আরামকোর স্থাপনার কোনো ক্ষতি হয়নি বলে দাবি করেছিল। চলমান এই সংঘাতময় পরিস্থিতিতে রিয়াদের আরামকো স্থাপনার কাছের এই অগ্নিকাণ্ড নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে।