সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ড্রোন হামলার অভিযোগে আফগানিস্তানের ১০ স্থানে পাকিস্তানের বিমান হামলা

ডেইলি সিলেট ডেস্ক ::

আফগানিস্তানের ১০টি স্থানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এসব স্থান ড্রোন সংরক্ষণ করতে ও ছুড়তে ব্যবহার করা হয় বলে দাবি করেছে ইসলামাবাদ।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বৃহস্পতিবার জানিয়েছেন, আফগানিস্তান বুধবার কিছু ড্রোন দিয়ে পাকিস্তানে হামলা চালানোর চেষ্টা করেছে।

এক্সে তিনি বলেছেন, আফগান ভূখণ্ড থেকে ছোড়া ড্রোনগুলো শনাক্ত করে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। কোনো লক্ষ্যস্থলে পৌঁছানোর আগেই ড্রোনগুলোকে অনুসরণ করে নিষ্ক্রিয় করা হয়।

তিনি জানান, এরপর পাকিস্তান প্রতিবেশী দেশটির ১০টি অবস্থানে ‘বিমান ও ড্রোন যোগে সুনির্দিষ্ট আঘাত’ হানে। আঘাতগুলো ‘শনাক্ত করা সামরিক লক্ষ্যবস্তুর মধ্যে সীমাবদ্ধ ছিল’।
তারার বলেন, “আফগান তালেবানদের যে কোনো উস্কানিমূলক কর্মকাণ্ডের কঠোর ও দৃঢ় জবাব দেওয়া হবে।”

আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশের গভর্নর মুস্তাগফির গুরবাজ জানিয়েছেন, খোস্তের বেশ কয়েকটি এলাকায় বিমান হামলা চালিয়েছে পাকিস্তানি বাহিনী। তবে এতে কেউ হতাহত হয়নি।

এক সময়ের মিত্র থেকে শত্রুতে পরিণত হওয়া পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্প্রতি এক জঙ্গি হামলাকে কেন্দ্র করে উত্তেজনা আবার বৃদ্ধি পেয়েছে।

গত শুক্রবার পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশের এক পুলিশ লাইনে বিস্ফোরকবোঝাই গাড়ি নিয়ে চালানো ভয়াবহ আত্মঘাতী হামলায় অন্তত ৩১ জন নিহত হয়। এ ঘটনার জেরে আফগানিস্তানে বিমান হামলা চালায় ইসলামাবাদ। এতে তিনজন নিহত ও আরও চারজন আহত হয় বলে কাবুল জানায়। তারা এ হামলার উপযুক্ত জবাব দেওয়ার প্রত্যয় জানায়।

এরপর বুধবার আফগান ড্রোনগুলো পাকিস্তানে হামলার চেষ্টা করছে বলে অভিযোগ ইসলামাবাদের।

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ফেব্রুয়ারি থেকে সম্পর্ক নাজুক হয়ে আছে। ওই সময় দুই পক্ষ কয়েক বছরের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায়। তারপর থেকে অনেকগুলো প্রাণঘাতী হামলা, পাল্টা হামলার ঘটনা ঘটলেও গত প্রায় তিন মাস ধরে পরিস্থিতি অপেক্ষাকৃত শান্ত ছিল।

Image

এর আগে মার্চে কাবুলে পাকিস্তানের এক বিমান হামলায় ৪০০ জনেরও বেশি আফগান নিহত হয়েছিল। একটি মাদক নিরাময় কেন্দ্র লক্ষ্য করে পাকিস্তানি বাহিনী ওই বিমান হামলা চালায় বলে আফগানিস্তানের কর্তৃপক্ষ জানিয়েছে।

পাকিস্তানে জঙ্গি হামলা নিয়েই দুই দেশের বিরোধের সূত্রপাত। ইসলামাবাদের অভিযোগ, কাবুলের আশ্রয়-প্রশ্রয়ে থাকা জঙ্গিরা আফগানিস্তানের ভূখণ্ড থেকে সীমান্ত পেরিয়ে এসে পাকিস্তানে হামলা চালাচ্ছে।

আফগানিস্তানের তালেবান সরকার এই অভিযোগ প্রত্যাখ্যান করে জঙ্গিবাদ পাকিস্তানের ‘অভ্যন্তরীণ সমস্যা’ বলে দাবি করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: