সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

‘ইত্যাদি’ এবার নকশিকাঁথার জামালপুরে, প্রচার ২৫ সেপ্টেম্বর

ডেইলি সিলেট ডেস্ক ::

প্রকৃতি, লোকজ ঐতিহ্য ও মানুষের জীবনের গল্প নিয়ে এবার জামালপুরে ধারণ করা হয়েছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র বিশেষ পর্ব। মেঘালয় সীমান্তঘেঁষা বকশীগঞ্জ উপজেলার গারো পাহাড়ের পাদদেশে লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্রের উন্মুক্ত চত্বরে নির্মাণ করা হয় এবারের মূল মঞ্চ।

নব্বইয়ের দশকের শুরু থেকেই দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে অনুষ্ঠান ধারণ করে আসছে ‘ইত্যাদি’। সেই ধারাবাহিকতায় জামালপুরের ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি, পর্যটন ও মানুষের জীবনযাপনের নানা দিক উঠে এসেছে এবারের আয়োজনে।

দিনের আলোতেই শুরু হয় অনুষ্ঠানটির ধারণ। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও ভ্যাপসা গরম উপেক্ষা করে জামালপুরসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে হাজারো দর্শক এতে অংশ নেন। ধারণক্ষমতার চেয়ে দর্শক বেশি হওয়ায় অনেকে গাছ ও পাহাড়ের চূড়ায় বসেও অনুষ্ঠান উপভোগ করেন।

এবারের পর্বে দুটি গান রয়েছে। এর একটি গেয়েছেন পান্থ কানাই ও তসিবা বেগম। অন্যটি জামালপুরের শিল্পী মিজান মাহমুদ রাজীব ও সিঁথি সাহার দ্বৈতকণ্ঠে পরিবেশিত জেলা পরিচিতিমূলক গান। গানটির সঙ্গে স্থানীয় বাঙালি ও গারো নৃত্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

জামালপুরকে ঘিরে দর্শকপর্বের পাশাপাশি থাকছে নকশিকাঁথা, ঐতিহ্যবাহী খাবার মিল্লি বা পিঠালি, ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ, তুলসীপুর ঘোড়ার হাট এবং নদীভাঙন ও বাল্যবিবাহে ক্ষতিগ্রস্ত পরিবার নিয়ে প্রতিবেদন। শারীরিক প্রতিবন্ধকতা জয় করে স্বাবলম্বী হওয়া ফেরদৌস হাসান বাপ্পী ও ওসনাই খাতুন দম্পতির জীবনসংগ্রাম নিয়েও থাকছে বিশেষ মানবিক প্রতিবেদন। বিদেশি প্রতিবেদনে তুলে ধরা হবে চীনের ঐতিহ্যবাহী শহর সুঝৌর প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির মেলবন্ধন। পাশাপাশি থাকছে কাশেম টিভির রিপোর্টার ও নাতির আলাপ, চিঠিপত্র পর্ব এবং সমসাময়িক বিভিন্ন সামাজিক অসংগতি নিয়ে বেশ কিছু তীক্ষ্ণ ও ব্যঙ্গাত্মক নাট্যাংশ।

‘ইত্যাদি’র এবারের পর্ব প্রচারিত হবে ২৫ সেপ্টেম্বর, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষক কেয়া কসমেটিকস লিমিটেড।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: