সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের খেলা কবে-কখন, প্রতিপক্ষ কারা

ডেইলি সিলেট ডেস্ক ::

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ইন্দোনেশিয়ার জাকার্তায় বসবে প্রথম আসিয়ান কাপের আসর। টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। ‘বি’ গ্রুপে রয়েছে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন ও পাকিস্তান।

টুর্নামেন্টে বাংলাদেশের খেলার সূচি বুধবার বিকেলে প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাংলাদেশের প্রথম ম্যাচ মালয়েশিয়ার বিপক্ষে। ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকাল ৩টায় ম্যাচটি শুরু হবে। খেলা হবে গেলোরা বান কার্নো স্টেডিয়ামে। দুই দিন পর ২৮ সেপ্টেম্বর বাংলাদেশের ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে। একই মাঠে একই সময়ে ম্যাচটি শুরু হবে।
বাংলাদেশের গ্রুপ পর্বের শেষ ম্যাচ ইন্দোনেশিয়ার বিপক্ষে। পহেলা অক্টোবর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে। খেলা হবে গেলোরা বান কার্নো স্টেডিয়ামে।

ফিফা আসিয়ান কাপ প্রথমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভারত প্রতিযোগিতায় অংশগ্রহণ না করায় বাংলাদেশকে সুযোগ দিয়েছে ফিফা। ফিফার আমন্ত্রণ পেয়ে সঙ্গে সঙ্গেই সাড়া দেয় বাফুফে।

টুর্নামেন্টের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা নির্বাচিত করেছে বাফুফে। প্রধান কোচ টমাস ডুলির অধীনে চলছে ক্যাম্প। প্রাথমিক দলের এই ক্যাম্পে ছিলেন না বিদেশি লিগে খেলা খেলোয়াড়রা। সেই তালিকায় আছেন হামজা চৌধুরী, শামিত সোম, তারিক কাজী, জায়ান আহমেদ ও ফাহমিদুল ইসলাম। তারা চূড়ান্ত স্কোয়াডে থাকবেন। দলের সঙ্গে টুর্নামেন্টের আগে যোগ দেবেন তারা। ২৮ জনের দলে নতুন মুখ দুজন, সৌরভ দেওয়ান ও মিনহাজুল করিম।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে নিয়ে প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে ফিফা আসিয়ান কাপ। ফিফা আরব কাপের আদলে এই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত হয় গত বছর। চলতি বছরের ফিফা কংগ্রেসে এটি চূড়ান্ত অনুমোদন পায়।

আসিয়ানভুক্ত ১১টি দেশের সঙ্গে চীন, ভারত ও হংকংকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবারের টুর্নামেন্টে। ভারতের মতো চীনও নাম সরিয়ে নেয়। চীনের জায়গায় আগেই পাকিস্তানকে নেওয়া হয়েছিল। ভারতের বদলে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশকে।

বাংলাদেশের প্রাথমিক দল

গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসাইন, মেহেদী হাসান, আনিসুর রহমান। ডিফেন্ডার: তপু বর্মণ, শাকিল আহাদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, রহমত মিয়া, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, ইসা ফয়সাল। মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, সোহেল রানা সিনিয়র, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শেখ মোরসালিন, কাজেম শাহ। ফরোয়ার্ড: রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ, মঞ্জুরুর রহমান, মিনহাজুল করিম, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, সৌরভ দেওয়ান, রাব্বি হোসেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: