সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বক্স অফিসে মুখোমুখি শাহরুখ-নাগার্জুন

ডেইলি সিলেট ডেস্ক ::

বক্স অফিসে এবার বড়দিনের উত্তাপ দ্বিগুণ হতে চলেছে। বলিউডের ‘কিং’ শাহরুখ খান এবং দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা আক্কিনেনি নাগার্জুন—দুই ইন্ডাস্ট্রির এই দুই মহাতারকার হাই-ভোল্টেজ লড়াই দেখতে যাচ্ছেন সিনেমাপ্রেমীরা। আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুখোমুখি হতে চলেছে শাহরুখের বহুল প্রতীক্ষিত ছবি ‘কিং’ এবং নাগার্জুনের শততম চলচ্চিত্র ‘কিং ১০০’।

শাহরুখের ‘কিং’ মুক্তির তারিখ আগেই নির্ধারিত ছিল। সম্প্রতি নাগার্জুনের ৬৭তম জন্মদিনে তাঁর নতুন সিনেমাটির ফার্স্ট লুক ও মুক্তির দিন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে প্রযোজনা সংস্থা অন্নপূর্ণা স্টুডিওজ। এক মিনিটের কিছুটা বেশি দৈর্ঘ্যের টিজারে নাগার্জুনকে এক ‘লার্জার দ্যান লাইফ’ অবতারে দেখা গেছে, যা মূলত তাঁর শূন্য থেকে শীর্ষে পৌঁছানোর গল্প বলবে।
নাগার্জুনের ক্যারিয়ারের এই বিশেষ মাইলফলক ছবিতে দীর্ঘ ২৫ বছর পর আবার তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী তাবু। ছবিটির গল্প ও পরিচালনায় আছেন আরএ কার্তিক, চিত্রগ্রহণে রাজা মহাদেবন এবং সম্পাদনার দায়িত্বে রয়েছেন নবীন নূলি।

অন্যদিকে, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত শাহরুখের ‘কিং’ সিনেমা নিয়েও দর্শকের উন্মাদনা তুঙ্গে। ‘পাঠান’-এর অভূতপূর্ব সাফল্যের পর সিদ্ধার্থ ও শাহরুখের এই জুটিকে আবার দেখার অপেক্ষায় অনুরাগীরা। ছবিটিতে শাহরুখের পাশাপাশি অভিনয় করেছেন তাঁর কন্যা সুহানা খান। এছাড়া দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত, অনিল কাপুর ও অভয় বর্মার মতো একঝাঁক তারকাকে দেখা যাবে এই চলচ্চিত্রে।

একই দিনে দুই বৃহৎ ইন্ডাস্ট্রির সুপারস্টার এবং দুটি বড় বাজেটের ছবি প্রেক্ষাগৃহে আসার খবরে ইতিমধ্যে বিনোদনপাড়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বড়দিনের উৎসবে বক্স অফিসের এই রাজকীয় লড়াইয়ে শেষ পর্যন্ত কে বাজিমাত করেন, তা দেখতে মুখিয়ে আছেন দর্শক।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: