![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
দেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও উপসর্গ নিয়ে মোট ৯২৫ জনের মৃত্যু হল। এর মধ্যে হাম আক্রান্ত হয়ে ৯৯ জন ও উপসর্গ নিয়ে মোট ৮২৬ জন মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামের তথ্য প্রকাশ করে আসছে। তাদের বৃহস্পতিবারের বুলেটিনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে ৬৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৬৫ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৩৭ জন। এছাড়া রাজশাহীতে ৯২, চট্টগ্রামে ৬৩, বরিশালে ৪৯, ময়মনসিংহে ৭৪, খুলনায় ৩২ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় আরো এক হাজার ৪ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ৯৫০ জন। ঢাকা বিভাগে ভর্তি ৩০৯ জন, রাজশাহীতে ৩৫, সিলেটে ১৩১, চট্টগ্রামে ২২৮, বরিশালে ১২৪, ময়মনসিংহে ৫৭, খুলনায় ৫৪, রংপুরে ১২ জন।
এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি মোট হাম রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ২৮ হাজার ২৬ জন। এর মধ্যে ১ লাখ ২৩ হাজার ৬৮৪ জন হাসপাতাল ছেড়েছে। অন্যদিকে সন্দেহজনক মোট হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৪৬ হাজার ৭১৫ জন।