![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
রাজধানীর সূত্রাপুরে অবস্থিত জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে ১৬ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে আট দিনব্যাপী ‘ঢাকা নাট্যোৎসব ২০২৬’। উৎসবটি চলবে ২৩ আগস্ট পর্যন্ত।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়োজনে এবং ঢাকা নাট্যোৎসব ২০২৬ সমন্বয় পর্ষদের ব্যবস্থাপনায় এই নাট্যোৎসব অনুষ্ঠিত হবে।
প্রতিদিন সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে আমন্ত্রিত নাট্যদলগুলোর নাটক। পাশাপাশি প্রতিদিন বিকেল সাড়ে ৪টা থেকে থাকবে উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব আয়োজনে নৃত্য, সংগীত, নাটক ও আবৃত্তি পরিবেশিত হবে।
উৎসবের প্রথম দিন ১৬ আগস্ট মঞ্চস্থ হবে ঐতিহ্য নাট্যদলের ‘গিরগিটি’। নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন মতিউর রহমান রানা।
১৭ আগস্ট দ্বিতীয় দিনে মঞ্চস্থ হবে শৌখিন নাট্যদলের ‘অন্তরালের আয়না’। নাটকটির রচনা দণ্ডিভ ফোর এবং পরিকল্পনা ও নির্দেশনা হামিদুর রহমান পাপ্পুর।
১৮ আগস্ট মৈত্রী থিয়েটার মঞ্চস্থ করবে ‘রঙিলা ফানুস’। নাটকটির রচনা ও নির্দেশনা সুলতানা তিসার।
১৯ আগস্ট মঞ্চস্থ হবে নবনাটের ‘ভেলাকি’। মলিয়েরের মূল রচনা থেকে নাটকটির অনুবাদ করেছেন শওকত হাসান। রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন এস. কে. রতন।
২০ আগস্ট শব্দ নাট্যচর্চা কেন্দ্র মঞ্চস্থ করবে ‘চম্পাবতী’। পল্লীকবি জসীম উদ্দীনের ‘বেদের মেয়ে’ অবলম্বনে নাটকটি রচনা করেছেন সৈয়দ শামসুল হক এবং নির্দেশনা দিয়েছেন খোরশেদুল আলম।
২১ আগস্ট ঢাকা থিয়েটার মঞ্চে পরিবেশিত হবে ‘ঘর জামাই’। মলিয়েরের মূল রচনা অবলম্বনে নাটকটির রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন গোলাম সারোয়ার।
২২ আগস্ট স্বরলিপি থিয়েটার মঞ্চস্থ করবে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা ‘শাস্তি’। নাটকটির নির্দেশনা দিয়েছেন শওকত হাসান।
উৎসবের শেষ দিন ২৩ আগস্ট মেঘদূত নাট্য সম্প্রদায় মঞ্চস্থ করবে ‘শায়েস্তা খাঁ’র পরী’। ইসমাইল হোসেনের উপন্যাস অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন আবু সাইদ তুলু। নির্দেশনা দিয়েছেন শুভাশীষ দত্ত তন্ময়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নাট্যপ্রেমী দর্শকদের জন্য প্রতিদিনের আয়োজন উন্মুক্ত থাকবে। আট দিনের এই উৎসবে বিভিন্ন নাট্যদলের পাশাপাশি উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন বিভিন্ন শাখার শিল্পীরা।