![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
নদ-নদীর পানি বেড়ে দেশের উত্তরাঞ্চলের নীলফামারী, লালমনিরহাট ও রংপুর জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
কেন্দ্রের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ত্তরের উতিস্তা নদীর পানি সমতল বেড়েছে। অপরদিকে ধরলা ও দুধকুমার নদের পানি সমতল কমেছে। এসব নদীর পানি সমতল আগামী তিন দিন বাড়তে পারে।
তাই আগামী ৭২ ঘণ্টায় তিস্তা নদী নীলফামারী, লালমনিরহাট ও রংপুর জেলার কিছু কিছু স্থানে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বুলেটিনে বলা হয়, পূর্বাঞ্চলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের মাতামুহুরী নদীর পানি সমতল বেড়েছে, অপরদিকে গোমতী, মুহুরী, সেলোনিয়া, ফেনী, হালদা ও সাঙ্গু নদীর পানি সমতল কমেছে। এসব নদীর পানি সমতল আগামী তিন দিন বাড়তে পারে।
অপরদিকে গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল কমেছে, যা আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে এবং পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে।
গঙ্গা-পদ্মা নদীর পানি স্থিতিশীল রয়েছে, যা আগামী দুদিন অব্যাহত থাকতে পারে। পরবর্তী তিন দিন পানি বাড়লেও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল কমেছে, যা আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে।