![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইমরান মাহমুদুল ও সাবরিনা পড়শী। ৯ বছর আগে, ২০১৭ সালে এই জনপ্রিয় জুটি দ্বৈত কণ্ঠে একটি গান গেয়েছিলেন। সে সময় শ্রোতারা খুব একটা ইউটিউব কেন্দ্রিক না হলেও আজ অনেকদিন পর এসে সেই গান স্পর্শ করল এক দারুণ মাইলফলক। ইউটিউবে ১০০ মিলিয়ন ভিউ অর্থাৎ ১০ কোটি বার দেখা হয়েছে গানটি।
শুক্রবার(১৪ আগস্ট) দুপুরে গানটির এই অর্জনে সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন ইমরান মাহমুদুল। তিনি লেখেন, ‘আমার মিউজিক ক্যারিয়ারে পড়শীর সঙ্গে এটাই ছিল প্রথম কোনো ডুয়েট গান। দেখতে দেখতে গানটি ১০ কোটিরও বেশি ভিউ পার করেছে।’
গানটির দীর্ঘস্থায়ী জনপ্রিয়তায় নিজের আনন্দের কথা জানিয়ে ইমরান আরো লেখেন, ‘যদিও গানটি ইউটিউবের যুগের গান নয়, তারপরও সময় ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আজও গানটি শ্রোতাদের ভালোবাসা পাচ্ছে এটাই সত্যিই আনন্দের।’
‘জনম জনম’ গানটির কথা লিখেছেন জনপ্রিয় গীতিকার রবিউল ইসলাম জীবন। ইমরানের সুর ও সংগীতে গানটি প্রকাশিত হয়েছিল পড়শীর তৃতীয় একক অ্যালবামে। অ্যালবামটির অন্যতম জনপ্রিয় গান হিসেবেও জায়গা করে নেয় এটি।
গানটির সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইমরান লেখেন, ‘রবিউল ইসলাম জীবনের কথায়, আমার সুর ও সংগীতে ‘জনম জনম’ গানটি ছিল পড়শীর তৃতীয় একক অ্যালবামের গান। সেই অ্যালবামের সবচেয়ে জনপ্রিয় গানগুলোর মধ্যে এটিও ছিল অন্যতম।
গানটির সঙ্গে জড়িত প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। ‘জনম জনম’ এভাবেই বেঁচে থাকুক শ্রোতাদের ভালোবাসায়।’
গানটির ভিডিওটি নির্মাণ করেছিলেন রম্য খান।