সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
সোমবার, ২০ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা পেলেন এটিএম তুরাবসহ পাঁচ শহীদ সাংবাদিকের পরিবার

স্টাফ রিপোর্টার :

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার এটিএম তুরাবসহ পাঁচ শহীদ সাংবাদিকের পরিবারকে ‘জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা’ প্রদান করা হয়েছে। রোববার (১৯ জুলাই) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়।

‘জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)। অনুষ্ঠানে শহীদ সাংবাদিকদের পরিবারের হাতে সম্মাননা ক্রেস্ট ও এক লাখ টাকা করে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। এটিএম তুরাবের পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণ করেন দৈনিক জালালাবাদের সম্পাদক ও এনইসির নির্বাহী সদস্য মুকতাবিস-উন-নূর।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণমাধ্যমের দায়িত্ব হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করা। কিন্তু বিগত ফ্যাসিবাদী শাসনামলে অনেক গণমাধ্যম সেই দায়িত্ব পালনের পরিবর্তে তোষামোদিতায় ব্যস্ত ছিল। তিনি বলেন, তোষামোদী সংস্কৃতি থেকে জাতিকে বেরিয়ে আসতে হবে এবং নতুন রাষ্ট্র গঠনের সুযোগকে কাজে লাগাতে হবে।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, এ নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়নি, সেসব বিষয়ে নির্বাচিত সরকার তাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সিদ্ধান্ত নেবে। তিনি আলোচনার মাধ্যমে জুলাই সনদ নিয়ে সব ধরনের বিতর্কের অবসান ঘটানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, ভবিষ্যতে যাতে দেশে আর কোনো ফ্যাসিবাদী শাসনের উত্থান না ঘটে এবং জাতি সবসময় সতর্ক থাকে, সে লক্ষ্যেই ন্যাশনাল এডিটরস কাউন্সিল গঠন করা হয়েছে। তিনি বলেন, এই সংগঠনে রাজধানীর পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চলের সম্পাদকরাও সমান গুরুত্ব পাবেন।

যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান। এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী, দ্য ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম, নয়া দিগন্ত সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, নিউ নেশন সম্পাদক মোকাররম হোসেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির এবং দৈনিক জালালাবাদের সম্পাদক মুকতাবিস-উন-নূর।

এছাড়া জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়-এর মা সামসি আরা জামান এবং শহীদ সাংবাদিক হাসান মেহেদীর স্ত্রী ফারহানা ইসলাম পপি অনুভূতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সাংবাদিক, সম্পাদক, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: