সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে শিক্ষার্থীদের বিক্ষোভ : শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি

স্টাফ রিপোর্টার ::

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে সিলেটে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে ‘সাধারণ শিক্ষার্থী অধিকার’ ব্যানারে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি পালন করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে তারা নগরীতে বিক্ষোভ মিছিল বের করেন।

কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মতো প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়া এবং শিক্ষার্থীদের বিষয়ে শিক্ষামন্ত্রীর করা মন্তব্য গ্রহণযোগ্য নয়। এসব ঘটনার প্রতিবাদে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘তুমি কে, আমি কে—পোল্ট্রি, পোল্ট্রি’, ‘তুমি কে, আমি কে—মুরগি, মুরগি’, ‘কে বলেছে, কে বলেছে—মন্ত্রী, মন্ত্রী’ এবং ‘আমাদের দাবি মেনে নিন, নইলে গদি ছেড়ে দিন’ স্লোগান দেন।

শিক্ষার্থীরা বলেন, কয়েক দিনের টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেননি। এমন পরিস্থিতিতে পরীক্ষা গ্রহণ শিক্ষার্থীদের প্রতি অবিচারের শামিল। তারা দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখার পাশাপাশি সোমবারের পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করার দাবি জানান।

এছাড়া শিক্ষার্থীদের নিয়ে করা মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা এবং ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের দাবি জানিয়ে তারা হুঁশিয়ারি দেন, দাবি বাস্তবায়িত না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

কর্মসূচির কারণে চৌহাট্টা থেকে জিন্দাবাজারমুখী সড়কের এক পাশ দিয়ে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে এলাকায় যানজটের সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে বেলা সোয়া ৩টার দিকে আন্দোলনকারীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জিন্দাবাজার অভিমুখে বিক্ষোভ মিছিল বের করেন।

উল্লেখ্য, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রতিবাদে মঙ্গলবার সিলেট ছাড়াও ঢাকা, বরিশাল, ময়মনসিংহসহ দেশের অন্তত ১১টি জেলায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তাদের দাবির মধ্যে রয়েছে দুর্যোগ পরিস্থিতি বিবেচনায় এইচএসসি পরীক্ষা স্থগিত করা, অনুপস্থিত পরীক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ দেওয়া এবং শিক্ষার্থীদের বিষয়ে দেওয়া বক্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা ও পদত্যাগ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: