সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

স্পেনের জয়, রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন শেষ

ডেইলি সিলেট ডেস্ক ::

ঢিমেতালে এগোনো লড়াইয়ের শেষ মুহূর্তে বদলি নেমে নায়ক হলেন মিকেল মেরিনো। তার একমাত্র গোলে পর্তুগালকে ১-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। একই সঙ্গে শেষ হয়ে গেল পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী ক্রিশ্চিয়ানো রোনালদোর বিশ্বকাপ অধ্যায়।

সোমবার ডালাসে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে দীর্ঘ সময় ধরে দুই দলই ছিল সতর্ক। মাঝমাঠের লড়াইয়ে আটকে থাকা ম্যাচে নির্ধারিত সময়ের যোগ করা সময়ে সেটপিস থেকে আসে একমাত্র গোলটি।

ম্যাচজুড়ে প্রায় ৫৫ শতাংশ বলের দখল ছিল স্পেনের। তারা ১৫টি শট নিয়ে ছয়টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। অন্যদিকে পর্তুগাল ১০টি শট নিলেও লক্ষ্যে রাখতে পারে মাত্র দুটি।

শুরুর দিকে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল স্পেন। নবম মিনিটে দানি ওলমোর থ্রু পাস থেকে গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভ্রষ্ট হন মিকেল ওইয়ারসাবাল।

চার মিনিট পর পাল্টা আক্রমণে সুযোগ তৈরি করে পর্তুগাল। পেদ্রির কাছ থেকে বল কেড়ে নিয়ে ব্রুনো ফের্নান্দেস পাস বাড়ান ক্রিশ্চিয়ানো রোনালদোর উদ্দেশে। ডি-বক্সে ঢুকে কঠিন কোণ থেকে নেওয়া তার জোরালো শট কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন উনাই সিমন।

প্রথমার্ধের শেষ দিকে আক্রমণে আরও ধারালো হয়ে ওঠে পর্তুগাল। ৩৭তম মিনিটে নেতোর ক্রসে জোয়াও ফেলিক্সের হেড সিমনের গায়ে লেগে সামনে পড়ে। ফিরতি বলে রোনালদো ভলি করার চেষ্টা করলেও জোর না থাকায় সহজেই বল ধরে ফেলেন স্পেনের গোলরক্ষক।

৪১তম মিনিটে গোলের খুব কাছাকাছি পৌঁছে যায় পর্তুগাল। নুনো মেন্দেসের শক্তিশালী শট পেদ্রো পররোর মাথায় লেগে ক্রসবারে আঘাত করলে রক্ষা পায় স্পেন।

দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি আরও কমে যায়। দুই দলই খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি। এর মধ্যেই চোট পেয়ে মাঠ ছাড়েন পর্তুগালের রক্ষণে দুর্দান্ত খেলতে থাকা নুনো মেন্দেস, যা দলটির জন্য বড় ধাক্কা হয়ে আসে।

দ্বিতীয় পানি পানের বিরতির পর ব্রুনো ফের্নান্দেসের শট পাশের জালে লাগে। অন্যদিকে দানি ওলমোর শক্তিশালী শট স্লাইড করে আটকে দেন রুবেন নেভেস।

নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার পরই আসে ম্যাচের ভাগ্য নির্ধারণকারী মুহূর্ত। ডি-বক্সের বাইরে পাওয়া ফ্রি-কিক থেকে ছোট পাসে আক্রমণ গড়ে স্পেন। ফেররান তোরেসের নিখুঁত রক্ষণচেরা পাস ধরে গোলরক্ষককে পরাস্ত করেন বদলি নেমে আসা মিকেল মেরিনো।

যোগ করা সময়ের একেবারে শেষ দিকে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল পর্তুগাল। তবে বের্নার্দো সিলভার হেড ক্রসবার ঘেঁষে ওপরের জালে গিয়ে পড়লে শেষ আশাটুকুও শেষ হয়ে যায়।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে শুরু হয় স্পেনের কোয়ার্টার-ফাইনালে ওঠার উল্লাস। অন্যদিকে হতাশায় ভেঙে পড়ে পর্তুগিজ শিবির। ক্যামেরায় ধরা পড়ে অশ্রুসিক্ত ক্রিশ্চিয়ানো রোনালদো। বারবার চেষ্টা করেও বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ না হওয়ায় এভাবেই শেষ হলো ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকার বিশ্বকাপ যাত্রা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: