![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
বাজেট কেবল রাষ্ট্রের আয়-ব্যয়ের হিসাব নয়, এটি জনগণের আশা-আকাঙ্ক্ষা, উন্নয়ন অগ্রাধিকার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক দিকনির্দেশনার প্রতিফলন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
বুধবার (১০ জুন) জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে বাজেট হেল্পডেস্ক-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, বাজেট হেল্পডেস্ক সংসদ-সদস্যদের বাজেট সম্পর্কিত গবেষণামূলক তথ্য ও উপাত্ত সরবরাহের মাধ্যমে সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সহায়তা করবে।
স্পিকার আরও বলেন, ১৯৯১ সালে বিএনপি সরকারের প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমান কর্তৃক মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রবর্তন ছিল একটি যুগান্তকারী পদক্ষেপ। বাজেট সকলের জীবনযাত্রাকে প্রভাবিত করে। দেশের মানুষের আশা-আকাক্সক্ষা পূরণে সংসদীয় কার্যক্রম পরিচালনা করা হয়।
তিনি বলেন, দেশের স্বার্থ এবং জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে সকল সংসদ-সদস্যকে জনমুখী কার্যক্রম পরিচালনা করতে হবে।
হাফিজ উদ্দিন বলেন, ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক সহায়তায় এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের কারিগরি সহায়তায় সংসদের বাজেট এনালাইসিস এন্ড মনিটরিং ইউনিটের তত্ত্বাবধানে বাজেট হেল্পডেস্ক সংসদীয় কার্যক্রম পরিচালনায় গুণগত মানোন্নয়নে প্রচেষ্টা অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি, বিরোধী দলের নেতা ডা. মো. শফিকুর রহমান, বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদলের প্রধান মাইকেল মিলার এবং অর্থবিভাগের সচিব খায়েরুজ্জামান মজুমদার।