সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বাংলা কনটেন্ট নিয়ে আসছে নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘উৎসব’

ডেইলি সিলেট ডেস্ক ::

ডিজিটাল বিনোদনের দুনিয়ায় বাংলা ভাষাভাষী দর্শকদের জন্য আসছে নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘উৎসব’।

‘স্ট্রিম দ্য সেলিব্রেশন’ স্লোগান সামনে রেখে আগামী ২১ মে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করার পরিকল্পনা রয়েছে প্ল্যাটফর্মটির।

শুরু থেকেই বাংলা কনটেন্টকে কেন্দ্র করে নিজেদের স্বতন্ত্র অবস্থান তৈরি করতে চায় ‘উৎসব’। সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশের প্রেক্ষাগৃহে নতুন কোনো সিনেমা মুক্তির পর সবচেয়ে আগে সেটি ওটিটিতে দেখা যাবে এই প্ল্যাটফর্মে।

শুধু নতুন সিনেমা নয়, নতুন-পুরোনো মিলিয়ে প্রায় শতাধিক চলচ্চিত্র ও বিভিন্ন কনটেন্ট নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘উৎসব’। ফলে বাংলা সিনেমাপ্রেমীদের জন্য এটি নতুন এক কনটেন্ট ভান্ডার হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্ল্যাটফর্মটির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন জাহিদ হাসান অভি।

তিনি গণমাধ্যমকে বলেন, “বাংলা কনটেন্টকে আরও সহজ, আরও আকর্ষণীয়ভাবে দর্শকদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, যেখানে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে বাংলা ভাষার দর্শকরা সহজেই নতুন সিনেমা ও তাদের পছন্দের কনটেন্ট উপভোগ করতে পারবেন।”

তিনি আরও বলেন, “দেশে সিনেমা হল কমে এসেছে। প্রতিটি জেলায় সিনেমা হল না থাকায় দর্শকরা নতুন সিনেমা দেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। বাংলা সিনেমা পৃথিবীজুড়ে মুক্তি পেলেও এখনো অনেক প্রবাসী হাতের নাগালে নতুন বাংলা সিনেমা দেখার সুযোগ পান না। তাদের জন্য আমাদের ‘উৎসব’ প্ল্যাটফর্ম নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবে।”

জাহিদ হাসান অভি বলেন, “সাম্প্রতিক বছরগুলোতে শুধু বাংলাদেশেই নয়, বিশ্বজুড়েই বাংলা সিনেমা ও কনটেন্টের দর্শকসংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কিন্তু সেই দর্শকদের জন্য সহজ, নির্ভরযোগ্য এবং মানসম্মত একটি ডিজিটাল প্ল্যাটফর্মের অভাব ছিল। ‘উৎসব’ সেই শূন্যস্থান পূরণ করতে চায়।”

তিনি জানান, নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফির মাধ্যমে দর্শকরা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে নতুন সিনেমা, সিরিজ ও এক্সক্লুসিভ কনটেন্ট উপভোগ করতে পারবেন।

প্রযুক্তিগত সুবিধার দিক থেকেও এগিয়ে থাকতে চায় প্ল্যাটফর্মটি। প্রাথমিকভাবে দর্শকরা সরাসরি ‘উৎসব’-এর ওয়েবসাইটে গিয়ে কনটেন্ট দেখতে পারবেন।

পরবর্তীতে গুগল প্লে স্টোর থেকে ‘উৎসব’ অ্যাপ ডাউনলোডের সুবিধা চালু হবে। এছাড়া আইওএস, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, অ্যান্ড্রয়েড টিভি ও স্যামসাং স্মার্ট টিভিতেও ধাপে ধাপে প্ল্যাটফর্মটির সেবা চালু করার পরিকল্পনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: