![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
দলের অশীতিপর নেতা মিজানুর রহমান সিনহার প্রতি শেষ বিদায় জানিয়েছে বিএনপি।
সোমবার সকাল ১০টায় নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে প্রয়াতের কফিন আসার পরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সংসদ সদস্য কামরুজ্জামান রতন, এসএম জিলানী
এর আগে তার কফিনটি দলীয় পতাকা দিয়ে ঢেকে দেওয়া হয়।
শ্রদ্ধা নিবেদনের আগে কার্যালয়ের সামনে জানাজা অনুষ্ঠিত হয়। এতে দলের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ বিএনপির কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এর আগে রোববার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মিজানুর রহমান সিনহার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামালসহ মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যরা।
পরিবারের সদস্যরা জানান, মুন্সীগঞ্জের লৌহজংয়ে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
গত শুক্রবার গভীর রাতে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিজানুর রহমান সিনহা। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর।
ওষুধ প্রস্তুতকারক এক্মি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহা ১৯৯৬ সালে সপ্তম এবং ২০০১ সালে অষ্টম সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে খালেদা জিয়ার মন্ত্রিসভায় তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জেলা বিএনপির আহ্বায়ক, কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষের দায়িত্বও পালন করেছেন।